মাঘ মাসের শেষপ্রান্তে এসে পশ্চিমবঙ্গ জুড়ে শীতের রেশ ক্রমশ ফিকে হতে শুরু করেছে। দিনের বেলায় উজ্জ্বল রোদ ও শুষ্ক হাওয়ার দাপটে ঠান্ডার তীব্রতা অনেকটাই কমেছে। তবে ভোর ও গভীর রাতে এখনও হালকা শীত অনুভূত হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। উত্তর থেকে দক্ষিণ—আবহাওয়ার চরিত্রে আপাতত বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যের উত্তর ও দক্ষিণাঞ্চলে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। কোচবিহারে রাতের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যেতে পারে। দৃশ্যমানতা ২০০ থেকে ৯৯৯ মিটারের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিংয়ে আজ হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের এক-দুটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এই মুহূর্তে কোনও সতর্কতা জারি করা হয়নি।
কলকাতার আবহাওয়াতেও বিশেষ চমক নেই। আগামী ২৪ ঘণ্টায় সকালে হালকা কুয়াশার পর আকাশ পরিষ্কার থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।
আবহাওয়াবিদদের মতে, আগামী সপ্তাহজুড়ে তাপমাত্রায় বড়সড় ওঠানামার সম্ভাবনা নেই। বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। ফলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের মেয়াদ কার্যত শেষের পথে।
চলতি মাসে আর হাতে গোনা কয়েক দিন ছাড়া কনকনে ঠান্ডা অনুভূত হওয়ার সম্ভাবনা কম। ভোর বা রাতে সামান্য শীত থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত উষ্ণতা বাড়বে। নতুন করে বড় কোনও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে বৃষ্টি বা তুষারপাত হলে সাময়িক ভাবে ঠান্ডার প্রভাব কিছুটা বাড়তে পারে।
সব মিলিয়ে, মাঘের শেষ লগ্নে দাঁড়িয়ে রাজ্যজুড়ে শীতের বিদায় যে আর খুব দূরে নয়, সেটাই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া।







