বাউলের সুর, একতারার ঝংকার আর শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের মেলবন্ধনে বীরভূমের পর্যটন মানচিত্রে যুক্ত হল এক নতুন আকর্ষণ। কবি জয়দেবের স্মৃতিধন্য জয়দেব-কেন্দুলি এখন শুধু তীর্থস্থান নয়, বাউল সংস্কৃতির এক জীবন্ত পাঠশালাও। পর্যটকদের জন্য নতুন সংযোজন হিসেবে চালু হল বাউল অ্যাকাডেমির স্থায়ী বাউল মিউজিয়াম—‘একতারা’।
শতাব্দীপ্রাচীন রাধাবিনোদ মন্দির সংলগ্ন এই মিউজিয়ামে বাউল গানের উৎপত্তি, দর্শন এবং সাধকদের জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হয়েছে। এক ছাদের তলায় সংরক্ষিত রয়েছে বাউল ফকিরদের ব্যবহৃত একতারা, দোতারা, ডুগি, ঘুঙুর, বাঁশি সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও অনুষঙ্গ। তথ্যচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা বাউল সংস্কৃতির ক্রমবিকাশ সম্পর্কে ধারণা পাবেন।
উল্লেখ্য, ১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র অজয় নদের তীরে রাধাবিনোদ মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় চার শতাব্দী প্রাচীন এই মন্দিরের টেরাকোটা শিল্পে পৌরাণিক কাহিনির নিদর্শন আজও দর্শনার্থীদের আকর্ষণ করে। কবি জয়দেব ও তাঁর ‘গীতগোবিন্দম্’-এর ঐতিহ্য বহন করে এই অঞ্চল। মকর সংক্রান্তিতে অজয় নদে পূণ্যস্নান সেরে রাধাবিনোদ মন্দিরে পুজোর রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালিত হয়। যদিও সারা বছরই দেশ-বিদেশের পর্যটকের ভিড় লেগে থাকে কেন্দুলিতে।
২০০৩ সালের ১ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে জয়দেব বাউল অ্যাকাডেমির উদ্বোধন করেন। সেই অ্যাকাডেমির পরিকাঠামোতেই এবার ‘একতারা’ নামে স্থায়ী বাউল মিউজিয়ামের সূচনা হল। এখানে লালন সাঁই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বাংলার বাউল ধারার প্রভাব ও বিবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে।
বোলপুরের মহকুমা শাসক অনিমেষকান্তি মান্না বলেন,
“জয়দেবের বাউল মিউজিয়াম বীরভূমের পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। বাউল সংস্কৃতি জানতে আগ্রহীদের জন্য এটি এক আদর্শ গন্তব্য।”
সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে জয়দেব-কেন্দুলির এই নতুন সংযোজন আগামী দিনে বীরভূমে পর্যটনের সম্ভাবনাকে আরও প্রসারিত করবে বলেই মত প্রশাসনের।






