মেলবোর্ন পার্কে নাটকীয় প্রত্যাবর্তনের সাক্ষী রইল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম। সাড়ে তিন বছর পর নিজের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন এলেনা রিবাকিনা। অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলস ফাইনালে শীর্ষবাছাই বেলারুশের এরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ ব্যবধানে হারিয়ে প্রথমবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেন কাজাখ তারকা।
২ ঘণ্টা ১৮ মিনিটের হাই-ভোল্টেজ ফাইনালে তৃতীয় সেটে ০-২ পিছিয়ে পড়েও দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখান রিবাকিনা। টানা পাঁচটি গেম জিতে ম্যাচ কার্যত হাতের মুঠোয় এনে ফেলেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেননি বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন রিবাকিনা। প্রথম সেটের প্রথম গেমেই সাবালেঙ্কার সার্ভিস ভেঙে দেন তিনি। ৩৭ মিনিটের সেটে সমতা ফেরানোর সুযোগ পেলেও নবম গেমে দুটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে ব্যর্থ হন সাবালেঙ্কা। শেষ পর্যন্ত ৪-৬ ব্যবধানে প্রথম সেট হাতছাড়া হয় তাঁর।
দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শীর্ষবাছাই। টানটান লড়াইয়ের পর দশম গেমে রিবাকিনার সার্ভিস ভেঙে সেট জিতে নেন সাবালেঙ্কা। ফলে ম্যাচে ফেরে সমতা।
নির্ণায়ক তৃতীয় সেটে শুরুটা ছিল সাবালেঙ্কার পক্ষে। রিবাকিনার প্রথম সার্ভিস গেম ভেঙে ২-০ এগিয়ে যান তিনি। কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘোরান রিবাকিনা। একের পর এক নিখুঁত রিটার্ন ও আক্রমণাত্মক বেসলাইন খেলায় পর পর দু’বার সাবালেঙ্কার সার্ভিস ভাঙেন। টানা পাঁচটি গেম জিতে ৫-৩ এগিয়ে যান। শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেট এবং ম্যাচ জিতে অস্ট্রেলিয়ান ওপেনে নতুন চ্যাম্পিয়নের মুকুট পরেন তিনি।
পরিসংখ্যানে এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারলেন না সাবালেঙ্কা। ‘এস’, প্রথম সার্ভিসের সাফল্য— একাধিক বিভাগে রিবাকিনাকে ছাপিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে চাপ সামলাতে না পারার খেসারত দিতে হল। সুযোগ কাজে লাগিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে মহিলা সিঙ্গলসে নতুন ইতিহাস গড়লেন এলেনা রিবাকিনা।







