অভিনেত্রী মিমি চক্রবর্তী বারংবার নিজেকে বড় পর্দায় তুলে ধরেছেন ভিন্ন ধরনের চরিত্রে। তবে বর্তমানে অভিনেত্রী নিজেকে শুধু মাত্র বড় পর্দার আঙিনার মধ্যে আটকে রাখেনি। বরং তিনি একের পর এক ওয়েব সিরিজের মাধ্যমে মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন। এবার দ্বিতীয়বারের জন্য নির্ঝর মিত্রের পরিচালনায় ওয়েব সিরিজ দুনিয়ায় আসছেন নায়িকা মিমি।
ওয়েব সিরিজের দুনিয়ায় মিমি চক্রবর্তী পথ চলা শুরু নির্ঝর মিত্রের হাত ধরে। ‘ডাইনি’ ওয়েব সিরিজের মাধ্যমে এক্কেবারে ছক ভাঙা চরিত্রে ওটিটি দুনিয়ায় ডেবিউ করেছিলেন নায়িকা। পরবর্তীতে ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে দর্শক মহলের মন জয় করে। এবার ফের সেই ওয়েব সিরিজের দুনিয়ায় মিমি আসতে চলেছেন নির্ঝর মিত্রের পরিচালনায়। ফের হইচই-তে আসতে চলেছে তাঁর নতুন সিরিজ ‘ক্যুইনস’। সেখানেই নায়িকা হিসেবে ধরা দেবেন মিমি চক্রবর্তী। সম্প্রতি জোর কদমে চলছে এই সিরিজের শ্যুটিং। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে এই শ্যুটিং।
এই ওয়েব সিরিজে অভিনেত্রী থাকছেন প্রতিবাদী বিধবা নারির ভূমিকায়। এমনকি এই সিরিজের প্রেক্ষাপট গড়ে উঠবে স্বামীর হত্যার প্রতিশোধের গল্প নিয়ে। এছাড়াও এই ওয়েব সিরিজের গল্পে থাকবে জমজমাট অ্যাকশন। পাশাপাশি এই সিরিজের শ্যুটিং চলবে মেটিয়াব্রুজ, বানতলা ও কলকাতার বিভিন্ন অঞ্চলে। এরইমধ্যে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এই সিরিজের শ্যুটিং।







