রাজ্য

বাংলায় ভোট ঘোষণার পরই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের, বদলি মুখ্যসচিব–স্বরাষ্ট্রসচিব

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা–কে পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল কমিশন। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে কারা এই গুরুত্বপূর্ণ দুই পদে দায়িত্ব নেবেন।

রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন ঘোষণা করে, বাংলায় দুই দফায় ভোটগ্রহণ হবে। নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যায়। সেই পরিস্থিতিতেই রবিবার রাতেই এই প্রশাসনিক রদবদলের নির্দেশ জারি হয়, যা ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

কারা হচ্ছেন নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী—

১৯৯৩ ব্যাচের আইএএস কর্মকর্তা দুষ্মন্ত নারিয়ালা হচ্ছেন রাজ্যের নতুন মুখ্যসচিব

১৯৯৭ ব্যাচের আইএএস কর্মকর্তা সংঘমিত্রা ঘোষ হচ্ছেন নতুন স্বরাষ্ট্রসচিব

কমিশন স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে এবং সোমবার বিকেল ৩টার মধ্যে রিপোর্ট পাঠাতে হবে।

ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা
শুধু পদ থেকে সরানোই নয়, নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে—
নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনও প্রশাসনিক পদে রাখা যাবে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে।

বিতর্কের কেন্দ্রেও ছিলেন নন্দিনী
উল্লেখযোগ্য বিষয় হল, গত বছরের ৩১ ডিসেম্বর তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থ–এর মেয়াদ শেষ হওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে এই পদে বসানো হয়েছিল। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব। তবে সেই নিয়োগ নিয়েও তৎকালীন সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

পুলিশ অফিসারদের তালিকাও চাইল কমিশন
এতেই থেমে থাকেনি নির্বাচন কমিশন। কমিশন রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছে—

২০২১ সালের বিধানসভা নির্বাচন

২০২৪ সালের লোকসভা নির্বাচন

এই দুই নির্বাচনের সময় কোন কোন পুলিশ অফিসারের এলাকায় হিংসার ঘটনা ঘটেছিল।

সেইসব অফিসারদের নামের তালিকা সোমবার সন্ধে ৬টার মধ্যে পাঠাতে বলা হয়েছে। কমিশনের হাতে তালিকা পৌঁছনোর পর কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

ভোটের নির্ঘণ্ট ঘোষণার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন, বাংলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কমিশন সবরকম ব্যবস্থা নেবে। তারই প্রেক্ষিতে এই প্রশাসনিক পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.