আর্জেন্তিনার বুয়েনোস আইরেসে গ্যালারি ভর্তি দর্শকের সামনে ভারতের সংগ্রাম সিং লিখলেন অসাধারণ সাফল্যের নতুন অধ্যায়। প্রতিপক্ষ বয়সে ১৬ বছরের ছোট হলেও, আত্মবিশ্বাসে ফাটল ধরতে দেননি ভারতীয় যোদ্ধা। মাত্র ১ মিনিট ৪৫ সেকেন্ডে ফরাসি ফাইটার ফ্লোরিয়ান কুদিয়েকে চিত করে গড়লেন ইতিহাস—আর্জেন্তিনায় এমএমএ (MMA) জেতা প্রথম ভারতীয় ফাইটার।
টাইগার স্পোর্টস ক্লাবের ঠাসা গ্যালারিতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সংগ্রাম। প্রথম ঘুষি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেন তিনি। ফ্লোরিয়ানের পাল্টা লাথি সত্ত্বেও ছন্দ নষ্ট হয়নি ভারতীয় যোদ্ধার। কুস্তির প্যাঁচে প্রতিপক্ষের পা ধরে ‘লেগ অ্যাটাকে’ মাটিতে ফেলে দেন সংগ্রাম। এরপর গলা চেপে ধরায় রেফারির তিন দফা সতর্কতার পর শেষমেশ হার মানতে বাধ্য হন ফরাসি ফাইটার।
৮৩ কেজি বিভাগে লড়া সংগ্রামের কাছে এই সাফল্য সহজ আসেনি—সারাদিন কঠোর অনুশীলন, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং অল্প জলপানে তৈরি হয়েছিলেন রিংয়ের লড়াইয়ের জন্য।
এটি সংগ্রাম সিংয়ের তৃতীয় আন্তর্জাতিক এমএমএ জয়। আগের দুটি জয় এসেছে জর্জিয়ার তিবলিসি ও নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে। পাকিস্তানি প্রতিপক্ষকে ৯০ সেকেন্ডে হারিয়ে প্রথম জয়, দ্বিতীয়টিতে দ্বিতীয় রাউন্ডে জয়—এবার আর্জেন্তিনায় আরও দ্রুত, ১:৪৫ মিনিটে।
জয়ের পর সংগ্রাম বললেন,
“জেতা বা হারা আমার কাছে বড় নয়। আমি হয় জিতি, নয়তো শিখি। স্বপ্নটা বড় রাখলে পূরণ হবেই। আর্জেন্তিনায় প্রথম ভারতীয় হিসেবে এই সাফল্য—আমার স্বপ্ন সত্যি হল।”
সঙ্গে ২৫ বছরের সঙ্গী ও কোচ ভূপেশকে বিশেষ ধন্যবাদ জানালেন তিনি।
গ্যালারিভর্তি অচেনা দর্শকদের উচ্ছ্বাসও চমকে দিয়েছে ভারতীয় যোদ্ধাকে। সংগ্রামের কথায়,
“বুঝতে পারছিলাম না, পুরো স্টেডিয়াম কেন আমার জন্য চিৎকার করছে!”
আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় এমএমএর মুখ হয়ে উঠছেন সংগ্রাম সিং—আর আর্জেন্তিনার মাটিতে তাঁর এই বিজয় ভারতীয় ক্রীড়া ইতিহাসে অবশ্যই বিশেষ গুরুত্ব নিয়ে স্থান পাবে।







