খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিহাস শোভানার, বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার মাটিতে চলছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ওডিআই সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতরান করে ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের শোভানা মোস্তারি। দলের চরম বিপর্যয়ের সময় একাই ইনিংসের হাল ধরেন তিনি। তাঁর শতরানের সুবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি মহিলা ক্রিকেটার হলেন শোভানা। একইসঙ্গে ফারজানা হক পিংকি ও নিগার সুলতানা জ্যোতির পর বাংলাদেশের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শতরানের নজির গড়লেন তিনি।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দল। ৭.২ ওভারের মধ্যেই মাত্র ৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পেসার মেগান শাট ও কিম গার্থের দাপুটে বোলিংয়ের সামনে একে একে সাজঘরে ফেরেন ফারজানা হক, শারমিন আক্তার ও শারমিন সুলতানা।

এমন কঠিন পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শোভানা। ধীরে ধীরে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে বাংলাদেশ। ৬৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন শোভানা। এরপর আরও আগ্রাসী ব্যাটিং করে ১২৩ বলে শতরান স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ১৩৪ বলের ইনিংসে ১৮টি চার মেরে ১১৮ রান করেন শোভানা। অন্যদিকে জ্যোতি অপরাজিত থাকেন ৭৪ রানে।

চতুর্থ উইকেটে শোভানা ও জ্যোতির জুটি যোগ করে ১৯৫ রান। মহিলা ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি হিসেবে বিশ্বরেকর্ড গড়েছে।

শোভানার এই কীর্তি শুধু বাংলাদেশের মহিলা ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি। মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিদ হাসান তামিমের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে শতরান করা তৃতীয় বাংলাদেশি ব্যাটারও হলেন তিনি।

শেষ পর্যন্ত ম্যাচে বাংলাদেশ জয় না পেলেও শোভানার দুর্দান্ত লড়াই তাঁকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায়। তাঁর ১১৮ রানের ইনিংসটি ভেঙে দিয়েছে ফারজানা হকের ১০৭ রানের রেকর্ড। ফলে বাংলাদেশের মহিলা ক্রিকেটে ওডিআইয়ে এখন সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক শোভানা মোস্তারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.