ভারতের সংসদীয় রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার পরিণতি এল অবশেষে স্পষ্টভাবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেস কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের আনা প্রস্তাব লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষেই খারিজ হয়ে গেল।
গত ১২ মার্চ তৃণমূল, কংগ্রেস, সমাজবাদি পার্টি এবং ডিএমকে সহ একাধিক বিরোধী দল এই প্রস্তাব উত্থাপন করে। মোট ১৯৩ জন সাংসদ এতে সই করেছিলেন, যার মধ্যে লোকসভার ১৩০ জন এবং রাজ্যসভার ৬৩ জন সদস্য ছিলেন। তবে সংসদের দুই কক্ষের শীর্ষ নেতৃত্ব এই প্রস্তাব গ্রহণ করেনি। লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণন পৃথকভাবে নোটিসটি খারিজ করে দেন। ফলে শুরুতেই থেমে যায় বিরোধীদের এই বড় রাজনৈতিক উদ্যোগ। ১০ পাতার নোটিসে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। অভিযোগের তালিকায় ছিল ভোটার তালিকা সংশোধনে অস্বচ্ছতা, বিপুল সংখ্যক ভোটার বাদ পরা, বিশেষ করে বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যে অনিয়মের ইঙ্গিত।
পাশাপাশি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও ওঠে।বিরোধীদের দাবি ছিল, এই অভিযোগগুলি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য গুরুতর এবং তা তদন্তের দাবি রাখে। যদিও সরকার পক্ষ বা সংসদের সভাপতিদের তরফে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে কোনও ইতিবাচক সাড়া মেলেনি। উল্লেখযোগ্যভাবে, দেশের সংসদীয় ইতিহাসে এই প্রথমবার মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের লক্ষ্যে এমন প্রস্তাব আনা হয়েছিল। তবে তা শেষ পর্যন্ত কার্যকর না হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের আবহ তৈরি হয়েছে।







