বঙ্গের শেষ দফার নির্বাচনে গণতন্ত্রের উৎসবে সকাল থেকেই সক্রিয় অংশগ্রহণ করেছেন সাধারণ ভোটাররা। বিভিন্ন বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এই উৎসবের আবহেই নদিয়ার একটি বুথকে কেন্দ্র করে উঠে এল একাধিক অভিযোগ, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এলেম নগরের ১৮৯ নম্বর বুথে ভোটগ্রহণ চলাকালীন এক আই.এস.এফ কর্মীর বিরুদ্ধে ভোটারদের নির্দিষ্ট দলে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী, বিশেষত সি.আর.পি.এফের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে কয়েকজন সাধারণ ভোটারকে মারধর করা হয়। এই ঘটনায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কেন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হল না এবং পরিবর্তে সাধারণ মানুষকেই নিশানা করা হল বলে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
ঘটনাটি নিয়ে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও এদিন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তাঁর দাবি, ভোটের আগের রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখানো হয়েছে, যার ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সব মিলিয়ে শেষ দফার ভোটে নদিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থার উপর নতুন করে প্রশ্ন উঠছে।







