জুন মাসের শুরু থেকেই রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য চালু হচ্ছে বিনামূল্যে যাতায়াতের সুবিধা। এই পরিষেবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ ‘পিংক কার্ড’ দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাসে ওঠার সময় ওই কার্ড দেখালে কন্ডাক্টর শূন্য টাকার টিকিট ইস্যু করবেন। তবে কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ভোটার কার্ড, আধার কার্ড বা রাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার অন্য কোনও বৈধ পরিচয়পত্র দেখিয়েই মহিলারা ফ্রি পরিষেবার সুবিধা নিতে পারবেন।
নবান্ন সূত্রে খবর, সরকারি বাসে এই পরিষেবা কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে পরিবহণ দপ্তর বিস্তারিত নির্দেশিকা তৈরির কাজ শুরু করেছে। ইতিমধ্যেই একাধিক প্রস্তাব জমা পড়েছে প্রশাসনের কাছে। কোন প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন মিলবে, এখন সেদিকেই নজর। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি বাসে সমীক্ষাও চালানো হয়েছে। প্রতিদিন কত মহিলা যাত্রী বাসে ওঠেন, শহর ও জেলার ভিত্তিতে সেই তথ্য সংগ্রহ করেছে পরিবহণ দপ্তর।
বিজেপি নির্বাচনী ইস্তাহারে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়া হবে। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পরে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ১ জুন থেকেই সরকারি এসি, নন-এসি এবং দূরপাল্লার সমস্ত সরকারি বাসে মহিলারা বিনামূল্যে সফর করতে পারবেন। সেই ঘোষণার পর থেকেই পরিষেবা চালুর প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে।
সরকারি হিসেব অনুযায়ী, কলকাতায় প্রতিদিন প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে যাতায়াত করেন। গোটা রাজ্যে সেই সংখ্যা প্রায় ৪ লক্ষ। নতুন প্রকল্প চালু হলে মহিলা যাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। তাই সেই অনুযায়ী অতিরিক্ত প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
পিংক কার্ড কোথা থেকে বিলি করা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে বিডিও অফিস, এসডিও অফিস এবং পুরসভা থেকে এই কার্ড দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
ততদিন পর্যন্ত ভোটার কার্ড, আধার, আয়ুষ্মান ভারত কার্ড, ব্যাঙ্ক পাসবুক, মনরেগা জব কার্ড বা অন্য কোনও ফটো পরিচয়পত্র দেখালেই এই সুবিধা মিলবে। যাতে যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে কোনও বিভ্রান্তি বা বচসা না হয়, সেজন্য সরকারি বাসের চালক ও কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এদিকে মঙ্গলবারই ‘অন্নপূর্ণা’ প্রকল্পের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে সেই প্রকল্পের আওতায় অর্থ দেওয়া শুরু হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে যোগ্যতার ভিত্তিতে সুবিধা দেওয়া হয়, এখানেও একই নিয়ম কার্যকর থাকবে।







