আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রী ডাঃ সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। অভিযোগ, কলকাতার বদন রায় লেনের বাড়িতে অনুমোদিত নকশা না মেনে একাধিক বেআইনি নির্মাণ করা হয়েছে। দীর্ঘ শুনানির পর পুরসভার স্পেশাল অফিসার নির্দেশ দিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে বাড়ির নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলতে হবে।
পুরসভার রিপোর্ট অনুযায়ী, বাড়ির ছাদে অনুমতি ছাড়াই অতিরিক্ত কাঠামো তৈরি করা হয়েছিল। পাশাপাশি লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য বেআইনি লোহার ঘোরানো সিঁড়ি এবং দোতলায় নকশাবহির্ভূত দেওয়াল তৈরির অভিযোগও ওঠে। বিল্ডিং রুলস ২০০৯ লঙ্ঘনের অভিযোগে ডিমোলিশন মামলা শুরু হয়।
চূড়ান্ত শুনানিতে অভিযুক্ত পক্ষ স্বীকার করে যে, এই নির্মাণগুলির উল্লেখ মূল নকশায় ছিল না। যদিও কিছু সময় চেয়ে অবৈধ অংশ সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়, তবুও পুরসভা কড়া অবস্থান নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়।
উল্লেখ্য, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন সন্দীপ ঘোষ। এর মধ্যেই তাঁর বাড়ির বিরুদ্ধে পুরসভার এই পদক্ষেপ শহরে বেআইনি নির্মাণ ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে বড় বার্তা বলে মনে করছে নাগরিক মহল।







