চলচ্চিত্র জগতে শোকের আবহের মধ্যেই পরিচালক অনীক দত্তের মৃত্যুকে ঘিরে রহস্য আরও ঘনীভূত হল। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় সামনে এসেছে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট, আর তাতেই উঠে এসেছে একাধিক গুরুতর আঘাতের চাঞ্চল্যকর তথ্য।
বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় প্রথম থেকেই আত্মহত্যা নাকি অন্য কোনও কারণ—তা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার ময়নাতদন্তের রিপোর্ট সেই জল্পনাকে আরও উসকে দিল।
রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, অনীক দত্তের মাথায় মারাত্মক চোট লেগেছিল। খুলির একাধিক অংশ ভেঙে যায় এবং মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণের প্রমাণ মিলেছে। ঘাড় ও মাথায় গভীর ক্ষতচিহ্নও পাওয়া গিয়েছে বলে জানা গেছে।
শুধু তাই নয়, শরীরের বিভিন্ন অংশে একাধিক হাড় ভাঙার তথ্যও উঠে এসেছে রিপোর্টে। প্রায় সমস্ত পাঁজরের হাড় ক্ষতিগ্রস্ত ছিল। পাশাপাশি পেলভিক বোন, হাতের হাড় এবং মেরুদণ্ডেও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
তদন্তকারীদের মতে, উচ্চতা থেকে পড়লে এমন আঘাত লাগা সম্ভব হলেও, শরীরের বিভিন্ন অংশে ঘষা লাগার দাগ এবং অভ্যন্তরীণ অঙ্গের ব্যাপক ক্ষতি ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। ফুসফুস, লিভার, কিডনি ও হৃদযন্ত্রেও গুরুতর আঘাতের উল্লেখ রয়েছে রিপোর্টে।
ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সেখানে নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি পরিচালক। তবুও, কী পরিস্থিতিতে তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন, নাকি এর পেছনে অন্য কোনও অজানা কারণ রয়েছে—তা খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখা।
পরিচালকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড। আজ রবীন্দ্রসদনে শেষ শ্রদ্ধা জানানোর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে অনীক দত্তের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য এখনও কাটেনি।







