রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণার পরই দেশের কোটি কোটি দরিদ্র পরিবারের জন্য আরও একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র আওতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। এতদিন উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তারা বছরে ৯টি সিলিন্ডারে ভর্তুকি পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে বছরে মাত্র ৪টি সিলিন্ডারের ক্ষেত্রেই মিলবে ₹৩০০ করে ভর্তুকি।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব প্রবীণ এম খানুজা সোমবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর বক্তব্য, বর্তমানে উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা প্রায় ১০.৫ কোটি পরিবার বছরে প্রথম চারটি রিফিলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ₹৩০০ করে ভর্তুকি পাবেন।
এর আগে রবিবারই ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ₹২৯ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ফলে মূল্যবৃদ্ধির ধাক্কার মধ্যেই ভর্তুকির সংখ্যা কমে যাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বেড়েছে।
কেন্দ্রের দাবি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই আর্থিক চাপে রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রতি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে প্রায় ₹৭০০ পর্যন্ত ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রেও লোকসানের কথা উল্লেখ করেছে সরকার। সেই কারণেই ভর্তুকির বোঝা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে গরিব ও নিম্নবিত্ত পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করবে এই পদক্ষেপ। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ক্রমবর্ধমান ভর্তুকির চাপ সামাল দিতেই এই নীতি পরিবর্তন করা হয়েছে।
উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের উপর এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।







