বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগেই বড়সড় নিরাপত্তা বিতর্কে জড়িয়ে পড়ল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, গত বুধবার আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে লিওনেল মেসি-সহ আর্জেন্টিনা দলের সকল ফুটবলারের পাসপোর্ট-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে চলে আসে।
সাধারণত কোনও জাতীয় দলের টিম শিট বা খেলোয়াড়দের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার আগে তা আড়াল (Blur) করে দেওয়া হয়। কিন্তু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। গোপনীয় তথ্য ঢেকে না রেখেই পুরো নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
তবে মাঠের বাইরের এই বিতর্কের কোনও প্রভাব পড়েনি আর্জেন্টিনার পারফরম্যান্সে। প্রায় ৮৮ হাজার দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে আইসল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই ম্যাচেই প্রত্যাবর্তন করেন লিওনেল মেসি। মাঠে নামার মাত্র তিন মিনিটের মধ্যেই গোল করে নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দেন তিনি।
দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজকে বক্সের ভিতরে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল জড়ান মেসি। এই গোলের মাধ্যমে তিনি দেশের ফুটবল ইতিহাসে নতুন নজির গড়েন। ৩৮ বছর ১১ মাস বয়সে আর্জেন্টিনার হয়ে গোল করা সবচেয়ে প্রবীণ ফুটবলার হয়ে ওঠেন তিনি। এর আগে ১৯৫৭ সালে গড়া অ্যাঞ্জেল লারুনার রেকর্ডটি এতদিন অটুট ছিল।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের আগে মেসি বলেন, “আমি খুবই আনন্দিত। এখন মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। তবে বিশ্বকাপ যত এগিয়ে আসছে, উত্তেজনাও তত বাড়ছে।”
আগামী মঙ্গলবার গ্রুপ ‘জে’-তে আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের ঠিক আগে দলের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা নিয়ে ইতিমধ্যেই ফুটবল মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।







