আমেরিকা ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই আশার আবহ কাটতে না কাটতেই দক্ষিণ লেবাননে নতুন করে বড়সড় সামরিক অভিযান চালাল ইজরায়েল। ইজরায়েলি হামলায় অন্তত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা অঞ্চল।
ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি, অস্ত্র মজুতের জায়গা এবং সামরিক অবকাঠামোকে নিশানা করেই এই অভিযান চালানো হয়েছে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রেখে সেনা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা।
এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কাফার তেবনিত এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাবাদিন অঞ্চলেও পৃথক হামলায় প্রাণ হারিয়েছেন আরও একজন। বিভিন্ন স্থানে একাধিক হামলার জেরে মৃতের সংখ্যা বেড়ে ১৬-তে পৌঁছেছে বলে জানা গিয়েছে।
হিজবুল্লাহ অবশ্য পাল্টা দাবি করেছে, ইজরায়েলি বাহিনীর অগ্রযাত্রা তারা সফলভাবে আটকে দিয়েছে। সংগঠনটির বক্তব্য, গত কয়েকদিন ধরে ড্রোন, রকেট ও কামানের সাহায্যে পাল্টা হামলা চালিয়ে ইজরায়েলি সেনা ও তাদের সাঁজোয়া যানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দক্ষিণ লেবাননের আরও গভীরে প্রবেশ করতে পারেনি ইজরায়েলি বাহিনী।
উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে লেবানন-সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ ও সামরিক সংঘর্ষ বন্ধের আহ্বান জানানো হয়েছিল। সেই আবহেই নতুন করে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতার পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার আশা প্রকাশ করেছিলেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রেখে আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানান। তবে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।







