পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার হুগলির তারকেশ্বরে অনুষ্ঠিত হল বিশেষ সরকারি অনুষ্ঠান। এই উপলক্ষে রাজ্যে এসে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেলে তাঁর হেলিকপ্টার তারকেশ্বরের সভাস্থলে অবতরণ করলে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যপাল আর. এন. রবিও।
মঞ্চে প্রধানমন্ত্রীকে বাংলার ঐতিহ্যের প্রতীক হিসেবে ডোকরার দুর্গামূর্তি, তারকনাথের ছবি, রসগোল্লা ও জলভরা সন্দেশ উপহার দেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ দিবসের প্রথম সরকারি উদ্যাপনকে ঘিরে সভাস্থলে ছিল উৎসবের আবহ।
এদিনের অনুষ্ঠানের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল গোটা চত্বর। পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে কলকাতার হলুদ ট্যাক্সি, হাতে টানা রিকশা, দক্ষিণেশ্বর মন্দির ও বেলুড় মঠের প্রতিকৃতি দিয়ে সজ্জিত করা হয় সভাস্থল। মঞ্চসজ্জাতেও ছিল আলাদা নজরকাড়া আয়োজন। তাইল্যান্ড থেকে আনা অ্যান্থোরিয়াম, উটি থেকে আনা জারবেরা ও লিলি-সহ বিভিন্ন ধরনের ফুলে সাজানো হয় মঞ্চ।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তারকেশ্বরজুড়ে ছিল কড়া নিরাপত্তা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিপুল মোতায়েনের পাশাপাশি সভাস্থলকে ঘিরে তৈরি করা হয় বহুস্তরীয় নিরাপত্তা বলয়।
২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের সিদ্ধান্তকে কেন্দ্র করেও রয়েছে রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্ব। রাজ্যের নতুন সরকারের দাবি, ১৯৪৭ সালের এই দিনেই বাংলার প্রাদেশিক আইনসভায় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে রাখার প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করতেই এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে।
রাজ্যে রওনা হওয়ার আগে সমাজমাধ্যমে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, বিজ্ঞান ও সমাজ সংস্কারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান ভারতের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে ২০ জুন একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন এবং এই সিদ্ধান্তের নেপথ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর এই প্রথম সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস উদ্যাপিত হওয়ায় অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক— দুই ক্ষেত্রেই ছিল বিশেষ আগ্রহ।







