রাজ্যে বর্ষার প্রভাব ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
২১ ও ২২ জুন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ জুনও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা বেশি। এসব জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২২ জুন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। পরের দিন অর্থাৎ ২৩ জুন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অবিরাম বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকাগুলিতে জল জমা এবং নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীর পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আবহাওয়া দফতরের মতে, ২৩ জুন পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি অব্যাহত থাকতে পারে।







