উৎসবের মরশুমে ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নবমীর বিকেলে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর পর তা অতি গভীর নিম্নচাপে রূপ নিয়ে শুক্রবার ভোরে দক্ষিণ ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মাঝামাঝি এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে। তার সরাসরি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও।
বৃহস্পতিবার (দশমী)
কলকাতা ও হাওড়া: ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা।
উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া: ভারী বৃষ্টির পূর্বাভাস।
ঝোড়ো হাওয়া: উপকূলবর্তী জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে বইতে পারে।
শুক্রবার (একাদশী)
পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান: অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি কমলা সতর্কতা।
দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ: ভারী বৃষ্টির পূর্বাভাস।
উপকূলবর্তী এলাকা: দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
শনিবার (দ্বাদশী)
বীরভূম ও মুর্শিদাবাদ: ভারী বৃষ্টির পূর্বাভাস।
বেশিরভাগ জেলায়: বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে।
সতর্কবার্তা
সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের ৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি করেছে হাওয়া অফিস।
পুজোয় নাগাড়ে বৃষ্টি না হলেও দশমী-একাদশীতে একাধিক জেলা ভিজে যাওয়ার আশঙ্কা প্রবল।







