যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক ক্ষেত্রে জরিমানার অঙ্ক বাড়াল ভারতীয় রেল। নতুন বিধি অনুযায়ী, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ থেকে শুরু করে ভিক্ষাবৃত্তি, ধূমপান বা বিশৃঙ্খল আচরণ—সব ক্ষেত্রেই আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।
রেলের বিজ্ঞপ্তি অনুসারে, আগে টিকিট ছাড়া যাত্রা করলে ২৫০ টাকা জরিমানা দিতে হত। এখন সেই অঙ্ক বেড়ে হয়েছে ৫০০ টাকা। ২০২৬ সালের জন বিশ্বাস (সংশোধনী) আইনের আওতায় এই পরিবর্তন কার্যকর হয়েছে।
শুধু তাই নয়, অন্যের টিকিট ব্যবহার করে যাত্রা করলে সংশ্লিষ্ট টিকিট বাতিল করা হবে এবং অতিরিক্ত অন্তত ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। ট্রেন বা স্টেশনে অনুমতি ছাড়া পণ্য বিক্রি কিংবা ভিক্ষাবৃত্তি করলে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।
মদ্যপ অবস্থায় ট্রেনে ওঠা, সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ভাষা ব্যবহার বা থুতু ফেলার মতো কাজের জন্যও ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। একই অপরাধ পুনরাবৃত্তি হলে জরিমানার অঙ্ক বেড়ে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে, এমনকি কারাদণ্ডেরও বিধান রয়েছে।
নতুন নিয়মে সংরক্ষিত বা মহিলা কামরায় অনধিকার প্রবেশের ক্ষেত্রেও কড়া শাস্তির ব্যবস্থা করা হয়েছে। কোনও পুরুষ যাত্রী মহিলা সংরক্ষিত কামরায় ধরা পড়লে তাঁকে ২,৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।
এ ছাড়া, স্টেশন বা ট্রেনে ধূমপান করলে ২ হাজার টাকা, যাত্রীদের জন্য নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। বিপজ্জনক বা নিষিদ্ধ সামগ্রী বহন করলে জরিমানার পরিমাণ ১০ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।
রেলের দাবি, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন নিয়ম মেনে চলার জন্য সকল যাত্রীর কাছে আবেদন জানিয়েছে ভারতীয় রেল।







