দেশ

তল্লাশির হুমকি, জানলা দিয়ে উড়ে গেল টাকা-সোনার ব্যাগ! অবাক তদন্তকারীরা

তল্লাশির আগাম আঁচ পেয়েই জানলা দিয়ে ব্যাগ ছুঁড়ে ফেললেন এক সরকারি ইঞ্জিনিয়ার। তাতেও শেষরক্ষা হল না! কারণ সেই ব্যাগই গিয়ে আটকে যায় জানলার হুকে। ভিতরে ছিল নগদ টাকা, সোনা ও রুপোর কয়েন। হাতেনাতে ধরা পড়লেন ইঞ্জিনিয়ার অশোক পণ্ডা।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। রাজ্যের সড়ক ও ভবন বিভাগের ইঞ্জিনিয়ার রাজাকিশোর জেনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছিল ভিজিল্যান্স দফতর। সেই সূত্রেই উঠে আসে সহকর্মী অশোক পণ্ডার নাম। অভিযোগ, জেনা এবং পণ্ডা মিলে তাঁদের স্ত্রীর নামে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনেন খণ্ডগিরির একটি আবাসনে।

২৮ জুলাই ওই ফ্ল্যাটে পৌঁছয় তদন্তকারী দল। তখন দরজায় তালা ঝুলছিল। পরে ফের অভিযান চালিয়ে তাঁরা দেখেন, পণ্ডা এবং তাঁর পরিবার ভিতরেই রয়েছেন। দরজা খুলতেই শুরু হয় তল্লাশি। ঠিক তখনই জানলার বাইরে একটি ব্যাগ ঝুলতে দেখেন আধিকারিকেরা। খুলে দেখেন, তাতে রয়েছে এক লক্ষ টাকা নগদ, বেশ কিছু নথি, ছ’ভরি সোনা, ১০ গ্রাম ওজনের একাধিক রুপোর কয়েন এবং একটি দামি স্মার্টফোন।

এর পরেই অশোক পণ্ডার বিরুদ্ধে বিপুল সম্পত্তি জোগাড়ের অভিযোগ উঠে আসে। সরকারি হিসেব বলছে, তাঁর আয়ের থেকে ২১৩ শতাংশ বেশি সম্পত্তির হদিস মিলেছে। ভুবনেশ্বর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক ফ্ল্যাট, জমি, দোকান রয়েছে তাঁর নামে। বাজেয়াপ্ত হয়েছে একটি গাড়ি ও ১৭ লক্ষ টাকা। এখনও তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.