টানা তিনদিন ধরে বৃষ্টি বঙ্গে। তবে আজ শুক্রবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে! দক্ষিণবঙ্গের উপর থাকা নিম্নচাপ ধীরে ধীরে সরছে ঝাড়খণ্ডের দিকে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তবে মৌসুমি অক্ষরেখা বা বর্ষার প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়ায় আবহাওয়ার কিছুটা উন্নতি । আজ, শুক্রবার ও শনিবার বৃষ্টির সতর্কতা নেই। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ জেলায়। এই দুই দিন সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম। ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর ও কোচবিহার জেলাতেও।
কলকাতায় আজ, দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা। কখনও আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। সকালের দিকে মনোরম পরিবেশ হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি হতে পারে। আবহাওয়ার সামান্য উন্নতি হবে। আজ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।






