নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তাল গোটা রাজ্য। নিরপেক্ষ তদন্তের দাবীতে আন্দোলন অব্যাহত। তারি মধ্যে বাংলা বিভাগের ছাত্র স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার করল এক প্রাক্তনী পড়ুয়াকে। ওই প্রাক্তন ছাত্রের নাম সৌরভ চৌধুরী। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার, চন্দ্রকোনা থানার খারুসা এলাকায়। সৌরভের বাবা মায়ের দাবী, ছেলে কোনভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয়। তবে এই ছাত্রের মৃত্যুর দায় কার??
প্রশ্ন করছে সর্বস্তরের মানুষ।
মৃত স্বপ্নদীপের বাবার অভিযোগের প্রেক্ষিতে প্রথমে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, বয়ানে বেশকিছু অসঙ্গতি মেলায় আটক করা হয় প্রথমে। পরে গ্রেফতার করা হয় ওই প্রাক্তন ছাত্রকে।পুলিশ সূত্রে জানা যায়, মৃত স্বপ্নদ্বীপের বাবা যে FIR করেছেন, তাতে এই সৌরভ চৌধুরীর নাম রয়েছে। জানা যায় জিজ্ঞাসাবাদের মুখে সৌরভ চৌধুরীর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সৌরভ চৌধুরী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন। ২০২২ সালে তিনি MSc পাস করেন। কিন্তু,পাস করে যাওয়া পরও, গত একবছর ধরে তিনি হস্টেলেই থাকতেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিয়ম, কোনও পড়ুয়া অপর পড়ুয়ার গেস্ট হিসেবে হস্টেলে থাকতে পারে। কিন্তু পুলিশ সূত্রে দাবি, এই সৌরভ চৌধুরী পাস করে যাওয়ার পরও নিজেই নিজের গেস্ট হিসেবে হস্টেলে থাকতেন। এখানেই প্রশ্ন উঠছে, সৌরভ চৌধুরী কি এতটাই প্রভাবশালী? পাস করে যাওয়ার পরও একবছর ধরে সৌরভ চৌধুরী হস্টেলে থাকছিলেন কীভাবে?
কর্তৃপক্ষের নজরেই এলোনা কেন?নাকি তাদের প্রচ্ছন্ন মদতেই এমনটা সম্ভব হয়েছে?
আজ স্বপ্নদীপের এই মর্মান্তিক পরিণতির দায় কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এড়াতে পারে? উঠছে একাধিক প্রশ্ন।







