খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে ইতিহাস, প্রথমবার হাফটাইম শো-তে মাতাবেন জাস্টিন বিবার-শাকিরারা

বিশ্বকাপকে ঘিরে একদিকে যেমন নানা বিতর্ক তৈরি হয়েছে, অন্যদিকে তেমনই একের পর এক নতুন চমকও সামনে আসছে। আগামী ১৯ জুলাই (ভারতীয় সময় ২০ জুলাই রাত সাড়ে ১২টা) নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। আর সেই ম্যাচেই প্রথমবারের মতো বিশ্বকাপের ইতিহাসে ফাইনালের বিরতিতে আয়োজন করা হচ্ছে বিশেষ হাফটাইম শো। অতীতে উদ্বোধনী বা ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও, এবার প্রথমবার খেলার মাঝেই হবে এই বিশেষ আয়োজন।

ফিফা এবং গ্লোবাল সিটিজেন যৌথভাবে জানিয়েছে, এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকছেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। তাঁর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএস, বার্না বয় এবং জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন হল শিক্ষা। সেই লক্ষ্যকে সামনে রেখেই জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা ও বিটিএস-সহ একাধিক আন্তর্জাতিক তারকা এই হাফটাইম শো-তে অংশ নিচ্ছেন। তাঁর কথায়, এই উদ্যোগের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য শিক্ষা এবং ফুটবলের সুযোগ আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি তিনি জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগীত পরিচালক গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। পুরো অনুষ্ঠানের সৃজনশীল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

এই হাফটাইম শো শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এর মূল উদ্দেশ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য অর্থ সংগ্রহ করা। এই তহবিলের লক্ষ্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করে বিশ্বের শিশুদের শিক্ষা ও ফুটবল চর্চার সুযোগ বাড়ানো। ইতিমধ্যেই ৫ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে। এছাড়াও বিশ্বকাপের প্রতিটি ম্যাচের প্রতিটি টিকিট থেকে ১ মার্কিন ডলার করে এই তহবিলে দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, শিশুদের প্রিয় চরিত্র সিসেমি স্ট্রিট ও দ্য মাপেটস-ও এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেবে। এর মাধ্যমে শিশুদের কাছে শিক্ষার গুরুত্ব আরও সহজভাবে তুলে ধরাই মূল উদ্দেশ্য। পাশাপাশি বিশ্বকাপের রাউন্ড অফ ১৬, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ফুটবলাররা বিশেষ বার্তাসংবলিত ব্যাজ পরে মাঠে নামছেন, যাতে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলের সুযোগ সম্প্রসারণের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.