২১ জুলাইয়ের তৃণমূলের শহিদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে কালীঘাট তৃণমূলের আয়োজকদের বিরুদ্ধে হেস্টিংস থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাইকোর্ট ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি দিলেও স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল, রাস্তার একটি লেনেই কর্মসূচি সীমাবদ্ধ রাখতে হবে। অপর লেনটি সাধারণ যান চলাচলের জন্য খোলা রাখার কথা বলা হয়েছিল, যাতে শহরের স্বাভাবিক ট্রাফিক ব্যবস্থা ব্যাহত না হয়।
অভিযোগ, সভার দিন নির্ধারিত অংশের বাইরে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক রাস্তার অন্য লেনেও অবস্থান নেন। এর ফলে ক্যাথিড্রাল রোডের উভয় দিকেই যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা দিয়ে যানবাহন ঘুরিয়ে দিতে হয়। এর প্রভাব পড়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায়, তৈরি হয় দীর্ঘ যানজট।
পুলিশের দাবি, আদালতের নির্দেশ যথাযথভাবে কার্যকর করার দায়িত্ব আয়োজকদের ছিল। সেই নির্দেশ লঙ্ঘনের অভিযোগেই রাস্তা অবরোধ, আদালতের নির্দেশ অমান্য-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্তকারীরা ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছেন। প্রয়োজনে আয়োজকদের কাছে নোটিসও পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রের খবর।
এদিকে, সমাবেশের আগের রাতেও সভাস্থলকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনা সামনে আসে। কালীঘাট তৃণমূলের অভিযোগ, ক্যাথিড্রাল রোডে লাগানো দলীয় ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে তারা আদালতেরও দৃষ্টি আকর্ষণ করেছে।
পুলিশ জানিয়েছে, ২০ জুলাই রাত প্রায় ১০টা নাগাদ ১০ থেকে ১৫ জন যুবক মোটরসাইকেলে করে এলাকায় এসে স্লোগান দিতে দিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং একটি ব্যানার ছিঁড়ে দেয় বলে অভিযোগ। পুলিশ ধাওয়া করলে অভিযুক্তরা দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ওই বাইক দু’টি এবং ক্ষতিগ্রস্ত ব্যানার বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও মোটরসাইকেলের নথি খতিয়ে দেখে অভিযুক্তদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। পুলিশের তদন্তে কী তথ্য উঠে আসে এবং আইনি প্রক্রিয়া কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।







