পুরুলিয়ায় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজা উদ্ধার হয়েছে। ঘটনায় ট্রাকের পাশাপাশি পাচারে ব্যবহৃত দুটি এসকর্ট গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মোট সাতজনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পুরুলিয়া মফস্সল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে জাতীয় সড়ক ১৮-এ সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। সেই সময় ট্রাকের চালকের আসনের পিছনে অত্যন্ত কৌশলে তৈরি একটি গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি ওড়িশা থেকে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছিল।
তদন্তে আরও উঠে এসেছে, ট্রাকটির নিরাপত্তা নিশ্চিত করতে সামনে ও পিছনে দুটি এসকর্ট গাড়ি চলছিল। অভিযানের সময় সেই গাড়ি দুটিকেও আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই মাদক পাচারচক্রের মূল মাথা, সম্ভাব্য রুট এবং চূড়ান্ত গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এই সাফল্যের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কলকাতা পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশের সমন্বিত অভিযানের ফলেই একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বড়সড় পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি মেনেই অভিযান চালিয়ে যাবে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং রাজ্যের বাইরে কোনও বড় নেটওয়ার্কের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







