রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই একের পর এক মন্তব্যে চর্চায় হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার চুঁচুড়ার এক অনুষ্ঠানে নিজের রাজনৈতিক অবস্থান, দলবদলের সিদ্ধান্ত এবং ‘আরবানা’ বিতর্ক—তিনটি বিষয়েই খোলামেলা কথা বললেন তিনি।
দলবদল নিয়ে তাঁর বক্তব্যে উঠে এসেছে স্পষ্ট বার্তা। রচনা জানান, তৃণমূল নির্বাচনে জয়ী হলে তিনি দলেই থাকতেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর এলাকার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন থেকেই তিনি নিজের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন।
রচনার কথায়, শুধু দলের সঙ্গে থাকা নয়, এলাকার মানুষের জন্য কাজ করাটাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যে উন্নয়ন ত্বরান্বিত করতে কেন্দ্র ও রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার থাকা অর্থাৎ ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। বর্তমান নেতৃত্বের সক্রিয় সহযোগিতা উন্নয়নের কাজে গুরুত্বপূর্ণ বলেও মত তাঁর।
তবে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি ‘আরবানা’ মন্তব্য নিয়েও আত্মপক্ষ সমর্থন করেছেন রচনা। তাঁর স্বীকারোক্তি, ওই মন্তব্যটি না করলেই হয়তো ভালো হত। ছোট ফ্ল্যাটে থেকে নিজের জীবনে লড়াই করে ধীরে ধীরে সাফল্য অর্জনের পর কষ্টার্জিত অর্থে ওই আবাসনে ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করেছিলেন বলেও জানান তিনি।
সব মিলিয়ে রচনার বক্তব্যে উঠে এসেছে তাঁর রাজনৈতিক অবস্থানের নতুন ব্যাখ্যা—দলের আনুগত্যের থেকেও মানুষের জন্য কাজ করাকেই তিনি বেশি গুরুত্ব দিতে চান। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।







