প্রতিদিনের জলখাবারে সাদা দোসা কিংবা মশলা দোসা খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে স্বাদের তালিকায় এবার যোগ করুন একটু নতুনত্ব। দোসার মুচমুচে স্বাদের সঙ্গে মশলাদার চিকেনের জমজমাট কম্বিনেশন—চিকেন মশলা দোসা হতে পারে আপনার পরের পছন্দের নাস্তা।
চাল ও ডালের ব্যাটার দিয়ে তৈরি দোসা যেমন পেট ভরায়, তেমনই এর সঙ্গে চিকেনের পুর যোগ হলে খাবারটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সকালের জলখাবার কিংবা বিকেলের নাস্তায় বাড়ির সদস্যদের চমকে দিতে চাইলে এই পদটি একবার বানিয়ে দেখতেই পারেন।
চিকেন মশলা দোসা বানাতে যা লাগবে
মুরগির কিমা — ৪০০ গ্রাম
দোসার ব্যাটার — প্রয়োজনমতো
পেঁয়াজ — ২টি
টমেটো পিউরি — আধ কাপ
আদা-রসুন বাটা — ২ চা চামচ
জিরে — ১ চা চামচ
কারিপাতা — পরিমাণমতো
লাল লঙ্কার গুঁড়ো — ১ চা চামচ
হলুদ — আধ চা চামচ
গোলমরিচ গুঁড়ো — আধ চা চামচ
গরম মশলা — আধ চা চামচ
সর্ষের তেল — ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি — ২ টেবিল চামচ
নুন — স্বাদ অনুযায়ী
জল — প্রায় ৩/৪ কাপ
কীভাবে বানাবেন?
প্রথমে কড়াই বা প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে তাতে জিরে, কারিপাতা এবং আদা-রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিন। গন্ধ বেরোতে শুরু করলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করুন।
এবার টমেটো পিউরি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচ, গরম মশলা এবং নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মুরগির কিমা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এরপর প্রায় ৩/৪ কাপ জল দিয়ে ঢাকনা বন্ধ করে ৮-১০ মিনিট রান্না করুন। চিকেন সেদ্ধ হয়ে মশলা ঘন হয়ে এলে ঢাকনা খুলে বাড়তি জল শুকিয়ে নিন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে রাখুন।
এবার গরম তাওয়ায় দোসার ব্যাটার পাতলা করে ছড়িয়ে মুচমুচে করে নিন। দোসার মাঝখানে ২-৩ টেবিল চামচ চিকেনের পুর দিয়ে দু’দিক থেকে ভাঁজ করে নিন।
গরম গরম চিকেন মশলা দোসার সঙ্গে পরিবেশন করুন নারকেল চাটনি, টমেটো চাটনি কিংবা সাম্বার। একঘেয়ে দোসার স্বাদ বদলাতে এই পদ যে জমিয়ে দেবে, তা বলাই যায়!







