নেপালে ভয়াবহ হড়পা বানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন প্রায় ২৯০ জন ভারতীয় নাগরিক। তাঁদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে ভয়াবহ বন্যায় নেপালের একাধিক রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন এলাকায় জমে রয়েছে বিপুল পরিমাণ কাদা ও ধ্বংসাবশেষ।
এই বিপর্যয়ের সূত্রপাত চিনের তিব্বত এলাকায়। সেখান থেকে বন্যার জল নেপালের রসুয়া জেলায় ঢুকে পড়ে। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জেলার মধ্য দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশী নদী। বুধবার সকাল থেকেই আচমকা নদীতে জলের পরিমাণ বাড়তে শুরু করে। এরপর চিন সীমান্ত লাগোয়া রসুয়া জেলায় নেমে আসে ভয়াবহ হড়পা বান। মুহূর্তের মধ্যে জল ও কাদার স্রোতে একের পর এক গ্রাম ভেসে যায়। মধ্য নেপালের বিস্তীর্ণ এলাকা কার্যত কাদামাটির নীচে চাপা পড়ে গিয়েছে।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে নেপাল পুলিশ। এখনও পর্যন্ত ৫০ জন বিদেশি-সহ মোট ৭৯৬ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের মধ্যে কোনও ভারতীয় নাগরিক রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত দেড় হাজার মানুষের এখনও কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের তালিকায় রয়েছেন নেপাল সেনার ৪৪ জন সদস্য। এছাড়াও পুলিশের ২৮ জন এবং সশস্ত্র পুলিশের ১৩ জন সদস্যেরও খোঁজ মিলছে না। জলবিদ্যুৎ প্রকল্প-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আরও ১৬০ জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে খবর।
প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধারকাজ বারবার ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের উদ্ধারে যত দেরি হচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ এবং প্রাণহানির আশঙ্কা।
এই বিপর্যয়ে নেপালের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যায় ভারতীয় নাগরিকও ক্ষতিগ্রস্ত হয়েছেন। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। বিভিন্ন রাজ্য থেকে একাধিক ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাঁরা মূলত মানস সরোবর দর্শনের উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন। আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে নয়াদিল্লির তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
পরিস্থিতির মোকাবিলায় ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু করেছে বিদেশমন্ত্রক। নিখোঁজ ভারতীয়দের বিষয়ে যোগাযোগের জন্য তিনটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে:
+9779851316807
+9779709107500
+9779810326117







