ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের ব্যক্তিগত জীবন নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা জল্পনা-কল্পনার মধ্যে দুজনেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। রবিবার দুজনেই তাঁদের ইনস্টাগ্রাম স্টোরিতে পৃথক বিবৃতির মাধ্যমে ব্যক্তিগত জীবন থেকে ‘এগিয়ে যাওয়ার’ কথা বলেছেন, যা নিয়ে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা।
বিবৃতিতে স্মৃতি মান্ধানা উল্লেখ করেছেন যে তাঁর জীবন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে বিপুল জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে কথা বলা তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল। তিনি নিজেকে অত্যন্ত ব্যক্তিগত জীবন যাপনকারী ব্যক্তি হিসেবে অভিহিত করেন এবং তিনি সেইভাবেই তা রাখতে চান। স্মৃতি এই বিষয়টি এখানেই শেষ করার এবং ‘বিয়ের জল্পনা বাতিল করা হয়েছে’ তা স্পষ্ট করার অনুরোধ করেছেন। তিনি আরও অনুরোধ করেন, এই সময়ে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাঁদের নিজেদের গতিতে এগিয়ে যেতে দিন। স্মৃতি জানান, তাঁর একমাত্র মনোযোগ সবসময় থাকবে দেশের প্রতিনিধিত্ব করা এবং ভারতের জন্য ট্রফি জেতার দিকেই।
অন্যদিকে, সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ব্যক্তিগত সম্পর্ক থেকে ‘সরে আসার’ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। তিনি স্বীকার করেন যে এটি তাঁর জীবনের সবচেয়ে কঠিনতম পর্ব। ভিত্তিহীন গুজবের ওপর মানুষ এত সহজে কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে, তা দেখে তিনি ব্যথিত। তিনি লেখেন “আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।” পলাশ আরও সতর্ক করে দেন যে যাচাই না করা গসিপের ভিত্তিতে কাউকে বিচার করার আগে সমাজ হিসেবে আমাদের বিরতি দেওয়া উচিত। তিনি ঘোষণা করেন, তাঁর টিম মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে।
দুজনের এই ‘এগিয়ে যাওয়া’ এবং ‘ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে আসার’ বার্তাটি তাঁদের অনুরাগীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।







