রাজনীতি

‘মৃতদেহ না দেখা পর্যন্ত কোনও খবর বিশ্বাস করবেন না’, সভামঞ্চ থেকে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

রাখিবন্ধন উৎসব এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথেড্রাল রোডের জনসভা থেকে বিজেপি ও পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী রাজনীতি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়ো খবরকে নিশানা করে তিনি বলেন, ‘‘আপনারা অনেকেই অনেক খবর দেখছেন। কিন্তু যত দিন না আমার মৃতদেহ দেখছেন এবং তার ওপর জোড়া ফুলের পতাকা দেখছেন, কোনও কথা বিশ্বাস করবেন না। জব তক মে মরা নেহি, তব তক মে হারা নেহি।’’

তৃণমূল ছেড়ে অন্য দলে যাওয়া নেতাদের ফেরানো নিয়েও কড়া বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ। কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করে অভিষেক জানান, এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। তবে যারা দলের সুবিধা নিয়ে ভোটের আগে নিজেদের স্বার্থে ‘বিসি’ (বালিশ-চাটা) গোষ্ঠীতে গিয়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন, তাঁদের আর কোনও রকম ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দেন তিনি।

অভিষেকের আমেরিকা চলে যাওয়ার খবর প্রকাশ করা সংবাদমাধ্যমের মালিকের ২২ হাজার কোটি টাকার ঋণ কেন্দ্রের তরফে NCLT-এর মাধ্যমে মকুবের প্রসঙ্গও তোলেন তিনি। কটাক্ষের সুরে তৃণমূল নেতা বলেন, ‘‘আমায় গালাগালি করার জন্য ২২ হাজার কোটি টাকা মকুব! ভাই, আমার এত দাম জানা ছিল না!’’

ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দলীয় কার্যালয়ের বিলবোর্ড পুলিশ ও পুরসভার মাধ্যমে বেআইনিভাবে সরিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও সরব হন অভিষেক। বিজেপিকে সতর্ক করে তাঁর বার্তা, ‘‘অত্যাচার ততটাই করুন, যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন।’’ একইসঙ্গে সিবিআই, ইডি, সিআইডি, এসটিএফ এবং রাজ্য পুলিশ—সব তদন্তকারী সংস্থাকে একসঙ্গে ব্যবহার করলেও তৃণমূল মাথা নত করবে না বলে দাবি করেন তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘‘বুকের পাটা থাকলে আগে ছাত্র-যুবদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ে দেখান।’’

মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন অভিষেক। তাঁর দাবি, অগস্টের শুরুতে যে চিনি ৪০ টাকা কেজি ছিল, সেটিই এখন ৭০ টাকায় পৌঁছেছে। পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি, একটি পাতিলেবু ১০ টাকা এবং সর্ষের তেলের দাম ২০০ টাকা ছাড়িয়েছে বলে সভায় পরিসংখ্যান তুলে ধরেন তিনি। পাশাপাশি পেট্রোলের দাম ১১৫ টাকা এবং ডিজেলের দাম ১০০ টাকা ছাড়িয়ে যাওয়ার অভিযোগও করেন।

রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সঙ্গে কেন্দ্রের প্রকল্পের তুলনা টেনে অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিঙ্গল ইঞ্জিন’ সরকার আড়াই কোটিরও বেশি মহিলাকে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা দিচ্ছে। অথচ রাজ্য ও কেন্দ্রের ‘ডবল ইঞ্জিন’ সরকার দেড় কোটি মহিলাকেও এই সুবিধা দিতে পারছে না বলে দাবি তাঁর। ২০১৬ সালের বাজেটে ৮০ লক্ষ যুবককে মাসে ১,৫০০ টাকা করে যুবশ্রী ভাতা দেওয়ার কথা উল্লেখ করে অভিষেক অভিযোগ করেন, বর্তমান সরকার ৭৫ লক্ষ যুবশ্রী প্রাপক এবং এক কোটি মহিলাকে সুবিধার তালিকা থেকে বাদ দিয়েছে।

শুভেন্দু অধিকারীর ‘২০৮’ আসনের দাবিকেও কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০০৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ‘আমরা ২৩৫, ওরা ৩০’ মন্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই সময়ের অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ দিয়েছিল এবং মাত্র পাঁচ বছরের মধ্যেই সিপিএমকে রাজনৈতিক ইতিহাসে পাঠিয়ে দিয়েছিল। তাঁর দাবি, বিজেপির ক্ষেত্রেও একই পরিণতি অপেক্ষা করছে। আগামী পাঁচ বছর পর বিজেপিকে বাংলায় দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না বলেও সভা থেকে দাবি করেন অভিষেক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.