শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে শনিবার উত্তরপাড়ায় উত্তেজনা ছড়ায়। সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে পাথর, ডিম ও রড ছোড়ার অভিযোগ উঠেছে। হামলায় গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি কুণালের।
ঘটনার পর গাড়ি ঘুরিয়ে ভবানী ভবনের দিকে যান কুণাল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অন্য দিকে, মমতা উত্তরপাড়া এড়িয়ে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে শ্রীরামপুরের সভাস্থলে পৌঁছন।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কুণাল ও মমতা বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনার পিছনে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দাবি তুলেছে।
শ্রীরামপুর কোর্ট ময়দানে বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সভার অনুমতি রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী জমায়েতে সর্বোচ্চ ১,০০০ জন থাকতে পারবেন এবং জিটি রোডে মিছিল বা অবরোধ করা যাবে না।







