দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ, বিমানটি ধ্বংসের ষড়যন্ত্রে জড়িত ছিলেন খোদ কো-পাইলট। সেই বিপজ্জনক পরিস্থিতি সামলে বিমান ও যাত্রীদের রক্ষা করে ইজ়রায়েলে ‘হিরো’ হিসেবে প্রশংসিত হয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর। তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এবার গুজরাতের শ্রী সোমনাথ মহাদেব মন্দিরে আয়োজন করা হল বিশেষ মহাপূজার। পাশাপাশি তাঁর সম্পূর্ণ সুস্থতার প্রার্থনায় শুরু হয়েছে নিরবচ্ছিন্ন ‘মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ’।
সোমনাথ মন্দির ট্রাস্ট এবং স্থানীয় ভক্তদের উদ্যোগে আয়োজিত এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে স্মিত মচ্ছরের সাহসিকতার কথাও তুলে ধরা হয়। জানা গিয়েছে, তেল আভিভের উদ্দেশে উড়ে যাওয়া বিমানটিতে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ, ঘটনাটির ভয়াবহতা ৯/১১-এর মতো বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছিল। সেই সময় চরম ঝুঁকির মধ্যেও অসাধারণ উপস্থিত বুদ্ধি, সাহস এবং কর্তব্যনিষ্ঠার পরিচয় দেন স্মিত।
নিজের জীবন বিপন্ন জেনেও ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনি বিপদ কাটিয়ে ওঠেন বলে জানা গিয়েছে। তাঁর তৎপরতায় বিমানে থাকা প্রায় ১৮০ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়।
বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন স্মিত মচ্ছর। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য জ্যোতির্লিঙ্গ শ্রী সোমনাথ ধামে আয়োজিত হয়েছে এই বিশেষ মহাপূজা ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রজপ। ভক্তদের প্রার্থনা, মহাদেবের আশীর্বাদে দেশের এই সাহসী পাইলট দ্রুত সুস্থ হয়ে দীর্ঘ জীবন লাভ করুন।
এই ঘটনার পর স্মিত মচ্ছরের সাহসিকতা নিয়ে দেশ-বিদেশে আলোচনা শুরু হয়েছে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁকে ‘হিরো’ হিসেবে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। গুরুতর আহত অবস্থাতেও স্মিত যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন, তার প্রশংসা করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স-এ স্মিত মচ্ছরের সাহসিকতার প্রশংসা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভয়াবহ সংকটের মুহূর্তে নিজে গুরুতর আহত থাকা সত্ত্বেও অন্যদের প্রাণ বাঁচাতে স্মিত যে সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মতো সাহসী সন্তানকে নিয়ে গোটা দেশ গর্বিত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।







