বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে কখনও ঝগড়া, কখনও আবেগের বিস্ফোরণ! সৃজলা ও অনুষ্কার বিবাদে যখন উত্তপ্ত পরিস্থিতি, ঠিক তখনই প্রতিযোগীদের জন্য বিশেষ টাস্ক নিয়ে হাজির হয় বিগ বস। প্রিয়জনদের উদ্দেশে চিঠি লেখার সুযোগ পেতেই বদলে যায় ঘরের পরিবেশ। আবেগ ধরে রাখতে পারেননি অনেকেই। তবে সবচেয়ে বেশি নজর কাড়েন নন্দিনী।
বাবা-মাকে উদ্দেশ্য করে লেখা চিঠি পড়তে গিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী। বিগ বসের ঘরে থাকার অভিজ্ঞতা, মানসিক চাপ এবং কাছের মানুষদের থেকে দূরে থাকার কষ্ট—সবই উঠে আসে তাঁর কথায়। তবে চিঠির শেষের অনুরোধটি বিশেষভাবে নজর কেড়েছে।
নন্দিনী বাবা-মাকে অনুরোধ করেন, বাড়ির বাইরে গিয়ে যেন তাঁরা সৃজলার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খেলার মধ্যে তাঁর কোনও আচরণে সৃজলার পরিবার কষ্ট পেয়ে থাকলে, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কথাও বলেন তিনি। প্রতিযোগিতার আবহে সহ-প্রতিযোগীর পরিবারের প্রতি নন্দিনীর এই সৌজন্য নিয়ে দর্শকদের একাংশের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
কিন্তু নন্দিনির অজান্তেই বাইরে ঘটে গিয়েছে এক দুঃখজনক ঘটনা। তাঁর বাবা সন্দীপ দত্তের সোশ্যাল মিডিয়া পোস্ট অনুযায়ী, নন্দিনীর প্রিয় ঠাকুমা মীরা দত্ত দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছেন। পরিবারের দাবি, বিগ বসের ঘরে থাকায় নন্দিনী এখনও এই খবর জানেন না।
একদিকে বিগ বসের ঘরের প্রতিযোগিতা ও মানসিক চাপ, অন্যদিকে পরিবারের এই শোকের খবর—সব মিলিয়ে নন্দিনীর পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ দর্শকদের একাংশ। তবে তিনি কখন এবং কীভাবে এই খবর জানতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়।







