দেশ

‘নতুন ফর্ম ৬’-এ সুপ্রিম কোর্টের সায় নেই, ফের কমিশনের দাবি খারিজ শীর্ষ আদালতের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় নতুন ভোটারদের নাম নথিভুক্তির জন্য ব্যবহৃত ‘ফর্ম ৬’ নিয়ে বিতর্ক আরও তীব্র হল। সংশোধিত ফর্ম ৬ নিয়ে নির্বাচন কমিশনের দাবিকে ফের খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, বিহারের এসআইআর সংক্রান্ত মামলার রায় দেওয়ার সময় সংশোধিত বা নতুন ফর্ম ৬ নিয়ে কোনও আলোচনা বা সিদ্ধান্তই হয়নি। কারণ, সেই সময় এই নতুন ফর্মের অস্তিত্বই আদালতের সামনে ছিল না।

সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আবেদনকারীর আইনজীবী অভিযোগ করেন, গত ২৬ সেপ্টেম্বর একটি বিবৃতিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, মে ২০২৬-এ বিহারের এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের ভিত্তিতেই ফর্ম ৬-এ প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে এবং সেই পরিবর্তনে আদালতের সম্মতিও রয়েছে।

কমিশনের এই দাবির প্রসঙ্গ উঠতেই বিচারপতি জয়মাল্য বাগচী তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সংশোধিত বা নতুন ফর্ম ৬ নিয়ে আদালতে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিহারের এসআইআর মামলার শুনানির সময় নতুন ফর্ম ৬ সংক্রান্ত কোনও আবেদনও আদালতের সামনে পেশ করা হয়নি। ফলে যে বিষয় আদালতের সামনে আনা হয়নি, সেটি অনুমোদন বা খারিজ করার প্রশ্নই ওঠে না।

এর আগে গত ৫ অক্টোবর পৃথক একটি রিট পিটিশনের শুনানিতেও প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে জানিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশন ফর্ম ৬-এ যে পরিবর্তন এনেছে, তাতে সুপ্রিম কোর্টের কোনও অনুমোদন নেই। সোমবারের শুনানিতে সেই অবস্থানই আরও একবার স্পষ্ট করল শীর্ষ আদালত।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত নিয়মে কোনও সংশোধন না করেই কমিশন নিজেদের মতো করে অতিরিক্ত শর্ত যুক্ত করেছে। এর ফলে নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে এবং অনেকের নাম বাদ দেওয়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি বিরোধীদের।

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের পর সংশোধিত ফর্ম ৬-এর বৈধতা নিয়ে নির্বাচন কমিশন ফের আইনি প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এর আগের শুনানিতেও শীর্ষ আদালত জানতে চেয়েছিল, ফর্ম ৬-এ পরিবর্তনের সিদ্ধান্ত কে নিয়েছে এবং সেই সিদ্ধান্ত কি নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সম্মতির ভিত্তিতে নেওয়া হয়েছিল? এ বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ বাকি দুই নির্বাচন কমিশনারের কাছে জবাব চাওয়া হয়েছে।

আদালত ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, সংশোধিত ফর্ম ৬-এ সুপ্রিম কোর্টের কোনও অনুমোদন ছিল না। এবার আদালতের নজর ফাইল ও সরকারি নথির দিকে। আইন মেনে নয়, বেআইনিভাবে এই ফর্মে পরিবর্তন আনা হয়েছিল কি না এবং পরিবর্তনের নেপথ্যে কারা ছিলেন, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চায় শীর্ষ আদালত।

L

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.