অষ্টম বেতন কমিশন ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। নতুন বেতন কাঠামোয় কতটা বেতন বাড়বে, ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধায় কী পরিবর্তন আসবে, তা নিয়ে চলছে জোর আলোচনা। এরই মধ্যে সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পে-ম্যাট্রিক্সের সর্বোচ্চ ধাপে পৌঁছে যাওয়া কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশেষ করে লেভেল ১-এর ৪০তম ধাপে থাকা কর্মীদের লেভেল ২-এ উন্নীত করার প্রস্তাব ঘিরে আলোচনা শুরু হয়েছে।
বর্তমান বেতন কাঠামোয় কোনও কর্মী নির্দিষ্ট পে-লেভেলের ৪০তম তথা শেষ ধাপে পৌঁছে গেলে সেই স্তরে আর নিয়মিত বার্ষিক ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ থাকে না। ফলে দীর্ঘদিন চাকরি করেও অনেক কর্মীর মূল বেতন একই জায়গায় আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যা দূর করতেই উচ্চতর পে-লেভেলে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।







