ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস লিখলেন লক্ষ্য সেন। রবিবার জাপানে অনুষ্ঠিত কুমামোটো মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেতাব জিতে প্রথম ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি। ফাইনালে জাপানের কোকি ওয়াতানাবের বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন করে ১৩-২১, ২১-১৮, ২১-১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন বিশ্বের ১৩ নম্বর এই ভারতীয় শাটলার। ৬৪ মিনিটের টানটান লড়াইয়ে প্রথম গেমে পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতায় ম্যাচে ফিরে আসেন লক্ষ্য।
এর আগে হাইলো ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। ফলে পরপর দুটি বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব নিজের ঝুলিতে ভরলেন লক্ষ্য সেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য মরশুমের শেষের ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে যোগ্যতা অর্জনের সম্ভাবনাও আরও উজ্জ্বল করল। চিনের হাংঝৌতে অনুষ্ঠিত হতে চলা সেই প্রতিযোগিতায় জায়গা করে নেওয়ার লড়াইয়ে এবার আত্মবিশ্বাসী লক্ষ্য। ভারতীয় ব্যাডমিন্টনের মুকুটে যোগ হল আরও একটি গর্বের পালক।







