বেঙ্গালুরু: ভাইয়ের সঙ্গে সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে ফের চর্চায় অন্ধ্রপ্রদেশের রাজনীতি। অন্ধ্রপ্রদেশ কংগ্রেস সভাপতি ওয়াইএস শর্মিলা রেড্ডিকে ২২ নভেম্বর বেঙ্গালুরু পুলিশের বাধার মুখে পড়তে হয়। মা ওয়াইএস বিজয়ম্মাকে সঙ্গে নিয়ে যেলাহাঙ্কায় বিতর্কিত সম্পত্তির দিকে যাওয়ার সময় তাঁকে আটকানো হয়। ওই সম্পত্তিতে বর্তমানে বসবাস করছেন তাঁর ভাই তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি।
পুলিশের দাবি, ২১ নভেম্বর আদালতের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী ওই সম্পত্তিতে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। সেই নির্দেশের ভিত্তিতেই শর্মিলা ও বিজয়ম্মাকে আটকে দেওয়া হয়।
শর্মিলা কন্যার বিয়ে ওই বাড়িতে করার পরিকল্পনা করেছিলেন বলে জানা গিয়েছে। কিন্তু সম্পত্তির মালিকানা ও দখল নিয়ে পরিবারের মধ্যে বিবাদ ক্রমশ তীব্র হচ্ছে। মেয়ের বিয়ের আগে এই ঘটনায় ওয়াইএস পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন করে প্রকাশ্যে এল। অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক মহলেও এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।







