নিজস্ব সংবাদদাতা : পথ দুর্ঘটনা প্রাণ হারাল ৬ জন ভারতীয় তীর্থযাত্রী। ঘটনাটি ঘটে নেপালের বরা জেলায়। স্থানীয় পুলিশসূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভোর রাতে একটি যাত্রীবাহী বাস কাঠমান্ডু থেকে জনকপুরের দিকে যাচ্ছিল। তখনই চলন্ত বাসটি উল্টে নদীর ধারে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের অবস্থা শোচনীয় বলেই জানাচ্ছে চিকিৎসকরা।
জানা গিয়েছে, বুধবার রাতেই বাসটি কাঠমান্ডু থেকে গন্তব্যে রওনা দেয়। মাঝপথেই ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা। চলতে থাকা তীর্থযাত্রীবাহী বাসটি চুরিয়ামাইয়ের কাছে উল্টে গিয়ে ৫০ মিটার নিচে একটি নদীর ধারে পড়ে যায়। স্থানীয় সময় অনুযায়ী ঘটনাটি ঘটে রাত দুটোয়। বাসে ছিল মোট ২৭ জন যাত্রী। তাঁর মধ্যে ২ জন ড্রাইভার, একজন খালাসি ছিলেন। তাতে থাকা সকলেই গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় মারা গিয়েছেন ৭ জন তাদের মধ্যে ৬ জন ভারতীয় এবং ১ জন নেপালি, জানিয়েছেন পুলিশ প্রশাসন। ভারতীয়দের মধ্যে সকলেই রাজস্থানের বাসিন্দা। মূলত তীর্থের জন্যই নেপালে আসা। কিন্তু আর বাড়ি ফেরা হলো না তাদের। মৃতের মধ্যে প্রায় সকল ব্যাক্তিই প্রায় ৬০ এর উর্দ্ধে।
তড়িঘড়ি সকলকেই স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই রাস্তায় বেশ কয়েকজন যাত্রী মারা যান। পরে প্রাণ হারান আরো বেশ কজন চিকিৎসাধীন যাত্রী। বাঁচানো সম্ভব হয়নি ভারতীয়দেরও। বাকি যারা গুরুতর আহত হয়েছেন তাদেরও শারীরিক পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের ডেপুটি সুপারিনটেনডেন্ট প্রদীপ বাহাদুর ছেত্রী।







