চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে কাজ করার জন্য পরিচিত রূপালী গঙ্গোপাধ্যায় এবার রাজনৈতিক ময়দানে যাত্রা শুরু করলেন। অনুপমা খ্যাত এই অভিনেত্রী দিল্লিতে এসে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।
দিল্লির সদর দফতর থেকে সাংবাদিক সম্মেলনে অভিনেত্রী রূপালী বলেন, ‘ গনতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে আমাদের সকলকে এই নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
মাহকাল এবং মাতারানির আশীর্বাদে আমি আমার কর্ম দক্ষতার মাধ্যমে মানুষের সঙ্গে দেখা করতে এবং সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। তাই উন্নয়নের এই মহাযজ্ঞ দেখলে আমার মনে হয় আমারও এতে অংশ নেওয়া উচিত।’
স্টার প্লাসের অনুপমা নামের জনপ্রিয় হিন্দি সিরিয়ালের মধ্য দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন বাঙালি নায়িকা রূপালী গঙ্গোপাধ্যায়। এদিন দলে যোগদানের পর তাঁকে বলতে শোনা যায়, ‘আমি এখানে এসেছি যাতে মোদীজির পদাঙ্ক অনুসরণ করতে পারি এবং দেশের সেবা করতে পারি। অমিত শাহজির নেতৃত্বে আমি এগিয়ে যেতে চাই এবং যারা আমাকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করে যেতে চাই। তাই আপনাদের আশীর্বাদ ও সমর্থন চাই, আরও বেশি করে। আপনাদের আশীর্বাদ পেলে আমি যা কিছু করি, তা সঠিক ও ভালোভাবে করতে পারব। আমি যদি কোন ভুল করে থাকি তাহলে আমাকে জানাবেন, আপনারা সবাই আছেন আমাকে পথ দেখানোর জন্য।’
রূপালী বর্তমানে স্টার প্লাসের বিখ্যাত সিরিয়াল ‘অনুপমা’-তে নাম ভূমিকায় অভিনয় করছেন। গত দু বছরেরও বেশি সময় ধরে চলছে এই সিরিয়াল। বেশ ভালো টিআরপি ও পাচ্ছে।এই সিরিয়ালটি বাংলা সিরিয়াল শ্রীময়ী থেকে অনুপ্রাণিত।এর আগে সারাভাই ভার্সেস সারাভাই-তে দেখা গিয়েছিল রূপালীকে। তার বাবা ছিলেন
পরিচালক ও সংলাপ লেখক অনিল গাঙ্গুলি। বাবার হাত ধরেই তার অভিনয় জীবনে প্রবেশ।







