প্রবল দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি তিলোত্তমায়। তার জেরেই দমদম বিমানবন্দরে নামতে পড়লো না নাইট রাইডার্সের বিমান। ঝড়-বৃষ্টির ফলে লখনউ থেকে কলকাতাগামী বিমান চলে যায় গুয়াহাটি। সেখান থেকেই বারাণসীতে যায় কেকেআর টিম। তবে মঙ্গলবার দুপুরে কলকাতায় ফেরার বিমান ধরবেন শ্রেয়সরা, তেমনটাই জানা যাচ্ছে নাইটদের তরফে।তারা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছে।
রবিবার আইপিএলে লখনউয়ের একানা স্টেডিয়ামে কেএল রাহুলদের মুখোমুখি হয়েছিল নাইট বাহিনী। সুনীল নারিনের ব্যাটিং ঝড়ে অনায়াসে সেই ম্যাচ জিতে নেয় নাইটরা। সোমবার বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা হন তাঁরা। কলকাতা বিমানবন্দরে কেকেআরের ক্রিকেটারদের নামার কথা ছিল সন্ধে সাড়ে সাতটা নাগাদ। তবে খারাপ আবহাওয়ার জন্য কলকাতায় নামতে পারেননি তাঁরা। বিমান চলে যায় গুয়াহাটিতে।
পরে তাঁদেরকে বারাণসী নিয়ে যাওয়া হয়। রাত তিনটে নাগাদ কেকেআর তরফ থেকে জানানো হয়, রাতে সেখানেই এক হোটেলে থাকবেন তাঁরা। কলকাতায় ফেরার বিমান ধরবেন মঙ্গলবার দুপুরে। কলকাতার ভক্তদের সাবধানে থাকার বার্তাও জানানো হয়েছে সোশাল মিডিয়ায়। গুয়াহাটির এয়ারপোর্টে থাকাকালীন নাইটদের আড্ডার ছবি ধরা পড়েছিল তাঁদের ভিডিওয়। সেখানে আড্ডা-গল্পের মধ্যে কলকাতায় ফেরার কথা বলছিলেন নাইট সদস্যরা।







