ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএল-এর আদলে মহিলাদের জন্য টি-২০ লিগ আয়োজনের প্রতিশ্রুতি দেয়। এই সিরিজ শুরু করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার বিসিসিআই মহিলাদের আইপিএল দলের মালিকানা পাওয়ার জন্য টেন্ডার জারি করল। মহিলাদের আইপিএল-এর দলগুলো শুধুমাত্র নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ভারতের কোনও ব্যবসায়ী পরিবার যদি মহিলা আইপিএল দলের নাম রাখতে চায়, তারা ২১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে, এমনটাই খবর।
সূত্র মারফত, আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের আইপিএল। বোর্ড এক বিবৃতিতে জানায়, ‘আইপিএল গভর্নিং কাউন্সিল একটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একটি দলের মালিকানা এবং পরিচালনার অধিকার অর্জনের জন্য আগ্রহী সংস্থার কাছ থেকে দরপত্র আহ্বান করছে। অফেরতযোগ্য ৫ লক্ষ টাকার বিনিময়ে ২১ জানুয়ারির মধ্যে দরপত্র কিনতে হবে। যেকোনও আগ্রহী পক্ষই দরপত্র কিনতে পারে।’
বিশেষভাবে উল্লেখ্য, এই বছর আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যেমন রয়েছে, তেমনই থাকছে এশিয়া কাপ; যা অনুষ্ঠিত হবে ওডিআই বিশ্বকাপের আগে। ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ ছাড়াও খেলবে ৮টি টেস্ট, ১৮টি একদিনের ম্যাচ এবং ১৭টি টি২০ ম্যাচ। ভারতীয় পুরুষ দল এবার কি গৌরব আনতে সক্ষম হবে? উঠছে প্রশ্ন।







