মোহনবাগান থেকে চেন্নাইয়িন এফসিতে যোগ দেওয়ার পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কিয়ান নাসিরি। দেশের জার্সিতে খেলার ইচ্ছা থাকলেও, তিনি জানিয়েছেন যে অভিষেক না হলেও অনুশীলন থেকে শিক্ষা নিতেই মনোযোগী তিনি। সর্বভারতীয় ফুটবল সংস্থার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ান বলেন, “আমি এখানে ডাক পেয়ে খুশি। যদি কোচ মনে করেন মাঠে নামানোর সঠিক সময় এসেছে, আমি তৈরি। তবে এ বার সুযোগ না পেলেও অসুবিধা নেই, আমি কঠোর পরিশ্রম করে পরবর্তী সময়ে সুযোগ পেতে চাই।”
প্রথমবার জাতীয় শিবিরে এলেও পরিচিত মুখের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছেন কিয়ান। তিনি বলেন, “প্রথমে মনে হয়েছিল হয়তো খুব একটা ভাল লাগবে না, কিন্তু সবাই খুব সাহায্য করছে, যা ভাবতেই পারিনি।”
প্রাক্তন ফুটবলার জামশিদ নাসিরির পুত্র কিয়ান, যিনি কলকাতা ডার্বিতে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন, বাবার সঙ্গে তুলনায় পাত্তা দিতে চান না। তিনি স্পষ্ট বলেন, “বাবা কী করেছেন তার প্রভাব আমার উপর পড়ে না, আমি নিজের মতো খেলতে চাই।”







