শুভাশিস বসু ডুরান্ড কাপের ফাইনালে খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। সেমিফাইনালে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন মোহনবাগান অধিনায়ক, যা খুব গুরুতর না হলেও তাঁকে নিয়ে দুশ্চিন্তা রয়েছে দলের মধ্যে। দলের সঙ্গে অনুশীলনে ফিরলেও, তাঁর বর্তমান কন্ডিশন নিয়ে চিন্তায় রয়েছেন কোচ হোসে মলিনা।
মোহনবাগানের আক্রমণভাগ এবং মাঝমাঠের খেলা নজর কাড়লেও, রক্ষণভাগ বারবারই সমস্যায় ফেলেছে দলকে। কোয়ার্টার ফাইনালে পঞ্জাব এফসির কাছে তিন গোল হজমের পর, সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির কাছেও দু’গোল হজম করে দল। এই অবস্থায় শুভাশিস না খেললে রক্ষণের দুর্বলতা আরও প্রকট হতে পারে।
তাই ডুরান্ড কাপের ফাইনালের জন্য বিকল্প হিসেবে তৈরি রাখা হচ্ছে দীপেন্দু বিশ্বাসকে। সেমিফাইনালে শুভাশিসের জায়গায় মাঠে নেমে নিজের দায়িত্ব পালন করেছেন তরুণ ডিফেন্ডার। টম আল্ড্রেডের সঙ্গে দীপেন্দুকে অনুশীলনে খেলিয়ে দেখে নিয়েছেন কোচ মলিনা। অভিজ্ঞ স্প্যানিশ কোচের পরিকল্পনায় দীপেন্দু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। যদি শুভাশিস শেষ মুহূর্তে মাঠে নামতে না পারেন।
এখন দেখার, ৩১ অগাস্ট ডুরান্ড কাপের ফাইনালে কে সামলাবেন সবুজ-মেরুনের রক্ষণভাগ। শুভাশিসের ফেরার আশা থাকলেও, দীপেন্দু-আল্ড্রেড জুটি তৈরি রয়েছে মাঠে নামার জন্য।







