গা ঘামানো নয়, বরং সতেজ হয়ে নামতেই বেশি আগ্রহী শুভমন গিল ও সাই সুদর্শন। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের কঠিন টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ‘ভারত এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের বেসরকারি টেস্টে নামার কথা থাকলেও, সেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন দু’জনে। সিদ্ধান্তের পেছনে কারণ—দীর্ঘ আইপিএল মরশুমের ক্লান্তি এবং ‘রিকভারি টাইম’-এর প্রয়োজন।
গত ৩০ মে আইপিএলে গুজরাট টাইটান্সের শেষ ম্যাচ খেলেছেন গিল ও সুদর্শন। টানা ম্যাচ খেলে ক্লান্ত শরীরের পাশাপাশি ছোটখাটো চোটও রয়েছে তাঁদের। ফলে তাঁরা চেয়েছেন পর্যাপ্ত বিশ্রাম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দু’জনেই এর মধ্যেই লাল বল হাতে অনুশীলন শুরু করে দিয়েছেন। ফলে প্রস্তুতি ম্যাচ না খেললেও টেস্টের জন্য তাঁদের প্রস্তুতিতে ঘাটতি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
গিল ও সুদর্শন দু’জনেই আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন। সুদর্শন ১৫ ম্যাচে ৭৫৯ রান করে কমলা টুপির দাবিদার। অন্য দিকে গিলের ব্যাটে এসেছে ৬৫০ রান। তাঁদের এই ফর্ম ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে শক্ত ভিত দিতে পারে। বিশেষ করে গিল যেহেতু বিরাট-রোহিতের অবসরের পর নতুন টেস্ট অধিনায়ক, তাই তাঁর ফিটনেস ও ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সুদর্শনও প্রথম একাদশে জায়গা পাওয়ার দৌড়ে। এমন কৌশলী বিশ্রাম হয়তো দীর্ঘ টেস্ট সিরিজ়ে ভারতের এগিয়ে থাকার অন্যতম চাবিকাঠি হয়ে উঠতে পারে।







