বহুদিন পর আবারও বড়োপর্দায় ফিরছেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়। দীর্ঘদিন ওটিটি এবং ধারাবাহিকের জগতে সাফল্যের সঙ্গে কাজ করার পর ফের সিনেমার পরিচালনায় মন দিচ্ছেন তিনি। এর আগে ‘নিমকি ফুলকি’, ‘লক ডাউন’, ‘টেকো’, ‘ফ্লাইওভার’ ও ‘পিয়া রে’-র মতো একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
গত কয়েক বছর বড়পর্দা থেকে কিছুটা দূরে ছিলেন অভিমুন্য। তবে এবার নতুন একটি ছবির পরিকল্পনা করছেন তিনি। আগের মতোই এই ছবিতেও উঠে আসবে বাস্তব জীবনের ছোঁয়া। জানা গেছে, দুই সাধারণ নারীর জীবনের নানা টানাপোড়েন এবং তাদের অভিজ্ঞতা নিয়েই তৈরি হচ্ছে এই নতুন ছবি। এই দুই নারী চরিত্রে অভিনয় করতে পারেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ঋতুপর্ণার মেয়ের চরিত্রে দেখা যেতে পারে তরুণ অভিনেত্রী বিয়াস ধরকে। সূত্রের খবর, ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন টলিপাড়ার পরিচিত মুখরা।
ছবির নাম এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও, পুজোর আগেই শুরু হবে শুটিং। চিত্রনাট্যের কাজ চলছে জোর কদমে। দৈনন্দিন জীবনের ছোটো ছোটো মুহূর্ত, নারীজীবনের জটিলতা ও সংগ্রামকে পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনাতেই ব্যস্ত পরিচালক। দর্শকের জন্য এক অন্য রকম অভিজ্ঞতা নিয়ে হাজির হতে চলেছেন অভিমুন্য মুখোপাধ্যায়, এবারও তাঁর পরিচালনায় আসছে বাস্তবতার ঝলক।







