নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয় দিনে হাঁটুতে চোট পান ঋষভ পন্থ, এরপর থেকেই উইকেটকিপিং করতে দেখা যায়নি তাকে। চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছিলেন বটে, তবে পঞ্চম দিনেও মাঠে কিপিংয়ের দায়িত্ব সামলান ধ্রুব জুরেল। পুণে টেস্টে পন্থের অংশগ্রহণ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে অধিনায়ক রোহিত শর্মার কথায় ফুটে উঠেছে একাধিক ইতিবাচক দিক।
রোহিতের মতে, পন্থের হাঁটুতে ইতিমধ্যেই বড় অস্ত্রোপচার হওয়ায় তাকে নিয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। তিনি বলেন, “পন্থের হাঁটুর যে জায়গায় বড় অস্ত্রোপচার হয়েছে, সেখানেই আবার আঘাত পেয়েছে। আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। কিপিং না করানোর সিদ্ধান্ত ছিল সতর্কতার জন্য।”
পন্থের ব্যাটিংয়ে কোনো ঘাটতি না থাকলেও, দৌড়াতে গিয়ে সমস্যায় পড়ছেন তিনি। তবে রোহিত জানিয়েছেন, “পন্থ মাঠে নামলে যা ইচ্ছা করতে পারে, সেই স্বাধীনতা আমরা তাকে দিয়েছি। আমরা চাই সে ১০০ শতাংশ ফিট হয়ে পুণে টেস্টে ফিরুক।”
পন্থের জায়গায় ধ্রুব জুরেল কিপিং করছেন, তবে পুণে টেস্টে পন্থের খেলা নিয়ে আপাতত কোনো বড় সমস্যা নেই বলে মনে করেন রোহিত। তিনি আরও বলেন, “পন্থের ব্যাটিং নিয়ে আমরা সন্তুষ্ট। তবে কিপিংয়ে হাঁটুর ব্যবহার বেশি হয়, তাই আমরা ওকে বিশ্রাম দিয়েছি। আশা করি, পুণে টেস্টে তাকে পুরো ফিট অবস্থায় পাব।”







