খেলাধুলা

১২ বছর পর কিউয়িদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের, টিম গেমেই আসল সাফল্য

অবশেষে অপেক্ষার অবসান! রবিবার ৯ই মার্চ, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিল ভারত। দুবাইয়ের মন্থর উইকেটে বল হাতে দাপট দেখানোর পর, ব্যাট হাতে ধৈর্য ও দৃঢ়তায় ম্যাচ বের করল রোহিত শর্মার দল। এই জয়ে ভারত এখন গত দশ মাসের মধ্যে দুটি আইসিসি ট্রফির মালিক। সাম্প্রতিক তিন বিশ্বমঞ্চের ২৩ ম্যাচের মধ্যে জিতেছে ২২টিতে।

রবিবার নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৫১/৭ রান তোলে। নিউজিল্যান্ডের ইনিংসের শুরু রাচিন রবীন্দ্র ভালো করেছিলেন। তবে এরপরই স্পিনারদের পাল্টা আক্রমণ শুরু হয়। শেষে ড্যারি মিচেল (৬৩) ও মাইকেল ব্রেসওয়েল (৫৩*) কিছুটা লড়াই দেখালেও, ভারতের স্পিন ত্রয়ী কুলদীপ যাদব (২/৪২), বরুণ চক্রবর্তী (২/৪৪) ও রবীন্দ্র জাদেজা (১/৩৮) ম্যাচের রাশ ধরে রাখেন। টস জিতে ব্যাটিং নেওয়া কিউইরা পাওয়ারপ্লেতে ৬৯/১ রান তুললেও মিডল ওভারে ভারতীয় স্পিনের সামনে চাপে পড়ে যায়। শেষদিকে ব্রেসওয়েলের ঝড়ো ব্যাটিং দলকে লড়াকু স্কোর এনে দেয়।

জবাবে ভারত শুরুটা দারুণ করেছিল। অধিনায়ক রোহিত শর্মা (৭৬) ও শুভমান গিল (৩১) ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন। এরপর কিউই স্পিনাররা ঘুরে দাঁড়ালেও, তবে এদিন ব্যর্থ হন বিরাট কোহলি (১)। ১২২ রানে ৩ উইকেট হারিয়ে যাওয়ার পর অক্ষর প্যাটেল (২৯) ও শ্রেয়াশ আইয়ার (৪৮) একটি অর্ধশতকীয় পার্টনারশিপ গড়ে তোলেন। শেষদিকে কেএল রাহুল (৩৪*), হার্দিক পান্ডিয়া (১৮) ও রবীন্দ্র জাদেজা (৯*) ম্যাচ বের করেন এক ওভার বাকি থাকতে। ফাইনালে ম্যাচের সেরা হন ক্যাপ্টেন রোহিত শর্মা।

নিউজিল্যান্ডের স্পিনারদের মধ্যেও উইকেট নেওয়ার প্রবণতা ছিল চোখে পড়ার মতন। কিউয়ি ক্যাপ্টেন স্যান্টনার ও ব্রেসওয়েল দুটি করে উইকেট নেন। রাচিনও রোহিত শর্মার উইকেট তোলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের নামে হলেও এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোল্ডেন ব্যাট অর্জন করেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি গোল্ডেন বল অর্জন করেন ম্যাট হেনরি।

শেষ তিন আইসিসি টুর্নামেন্টে ফাইনালে দুইবার জেতার পাশাপাশি, বিশ্বকাপ ২০২৩-এর ফাইনাল ছাড়া অন্য কোনো ম্যাচ হারেনি ভারত। এই ধারাবাহিকতা কি আগামী আইসিসি ট্রফিতে বজায় থাকবে? সময়ই দেবে উত্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.