সুপার কাপের আগে থেকেই পরের মরশুমের পরিকল্পনা শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। বিনিয়োগকারী সংস্থা ইমামির প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠন করা হচ্ছে ভবিষ্যৎ রূপরেখা। বহু গুঞ্জনের অবসান ঘটিয়ে ঠিক হয়েছে, হায়দরাবাদের প্রাক্তন কোচ থাংবই সিংটো লাল-হলুদ শিবিরে যোগ দিচ্ছেন ‘হেড অফ ফুটবল’ পদে। তবে তার ভূমিকা শুধুমাত্র সিনিয়র দল পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকছে না।
থাংবইয়ের কাজ মূলত জুনিয়র দলের উন্নয়নে কেন্দ্রীভূত থাকবে। পাশাপাশি, ক্লাবের ফুটবল কাঠামো শক্তিশালী করাই তার অন্যতম দায়িত্ব। তবে তিনি মাঠে সরাসরি থাকবেন না, বরং ফুটবল পরিকল্পনার গুরুত্বপূর্ণ পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। সিনিয়র দলের ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে অময় ঘোষাল আগের মতোই মুখ্য ভূমিকা পালন করবেন। অন্যদিকে, অস্কার ব্রুজোর সহকারী হিসেবে বেঞ্চে থাকবেন বিনো জর্জই।
ইমামি কর্তৃপক্ষ থাংবইয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য সুপার কাপ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। তাই প্রতিযোগিতা শুরুর আগেই তাকে দলের সঙ্গে যুক্ত করা হবে। সুপার কাপ চলাকালীন তিনি গ্যালারি থেকেই দলের কার্যকলাপ পর্যবেক্ষণ করবেন এবং অস্কার ব্রুজোর সঙ্গে পরিকল্পনা ভাগ করে নেবেন। এক্ষেত্রে সিনিয়র দলের খেলোয়াড় নির্বাচনেও পরোক্ষভাবে যুক্ত থাকবেন থাংবই।
এই পদক্ষেপ ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ কৌশলগত দৃষ্টিভঙ্গির স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সিনিয়র দলের পাশাপাশি জুনিয়র দলকেও সমান গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি কাঠামো গড়ার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ইমামি ইস্টবেঙ্গল।







