লাল-হলুদ শিবিরে একের পর এক ব্যর্থতা যেন নতুন করে ভাবতে বাধ্য করেছে ম্যানেজমেন্টকে। ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় হারের পর কুয়াদ্রাতের বিদায় ও অস্কার ব্রুজনের আগমন কিছুটা আশার আলো দেখালেও মৌসুমের শেষপর্যন্ত সুপার সিক্সের স্বপ্ন অপূর্ণই থেকে যায়। এই অবস্থায় এখন থেকেই আগামী মরসুমকে লক্ষ্য করে ঘর গোছানোর কাজে ঝাঁপিয়ে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল। আর সেই তালিকায় উঠে এসেছে এক প্রতিভাবান ভারতীয় ডিফেন্ডারের নাম—নিখিল প্রভু।
এই মরসুমে পাঞ্জাব এফসির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন নিখিল। প্যানাজিওটিস ডিলমপেরিসের তত্ত্বাবধানে পাঞ্জাবের রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন মহারাষ্ট্রের এই ডিফেন্ডার। ফিজিকাল প্রেজেন্স, পজিশন সেন্স ও বল রিকভারিতে তাঁর দক্ষতা নজর কেড়েছে ফুটবল মহলের। সূত্রের খবর, তাঁকে দলে নেওয়ার বিষয়ে ইতিমধ্যেই ইস্টবেঙ্গল কর্তারা খোঁজখবর নিতে শুরু করেছেন।
তবে সমস্যা একটাই—২০২৫ সাল পর্যন্ত পাঞ্জাব এফসির সঙ্গে চুক্তিবদ্ধ নিখিল। ফলে তাঁকে পাওয়া এত সহজ হবে না লাল-হলুদের পক্ষে। পাঞ্জাব তাঁকে ছাড়তে রাজি হবে কিনা, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবুও সুপার কাপের পর সিজন শেষ হতেই ইস্টবেঙ্গলের প্রাথমিক লক্ষ্য দলে রক্ষণভাগ মজবুত করা।
বিদেশি ফুটবলারের পাশাপাশি দেশীয় প্রতিভাকেও গুরুত্ব দিচ্ছে ব্রুজন ও তাঁর টিম। নিখিল প্রভু সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছেন বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার, শেষ পর্যন্ত প্রভুকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় কিনা ময়দানের প্রধান।







