লন্ডন: ক্রিকেটের ইতিহাসে এমন নজির আগে কখনও দেখা যায়নি। এক ওভারে ৪৫ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন আফগান ব্যাটার উসমান গনি। ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টে লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে রীতিমতো ঝড় তোলেন তিনি। পেশাদার ক্রিকেটে এত রান কোনও এক ওভারে কখনও ওঠেনি।
গিল্ডফোর্ডের বিরুদ্ধে ম্যাচে বল করতে এসেছিলেন উইল এর্নি। তার এক ওভারেই ইতিহাস গড়ে ফেললেন উসমান। ওভারের হিসেব এমন—
👉 ৬ + নো বল,
👉 ৬,
👉 ৪ + ওয়াইড,
👉 ৬,
👉 ৪ + নো বল,
👉 ৬,
👉 ০,
👉 ৬,
👉 ৪।
এই এক ওভারেই উঠল ৪৫ রান— যা এখন পেশাদার ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল ওভার।
৪৩ বলে ১৫৩! গনির ব্যাটে আগুন
উসমানের ইনিংস ছিল এক কথায় বিধ্বংসী—মাত্র ৪৩ বলে ১৫৩ রান, যেখানে ছিল ১৭টি ছয় ও ১১টি চার। তাঁর স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো—৩৫৫.৮১।
এই বিধ্বংসী ইনিংসের দৌলতেই লন্ডন কাউন্টি মাত্র ১০ ওভারেই তোলে ২২৬ রান—টি-১০ ইতিহাসে অন্যতম সর্বোচ্চ। জবাবে গিল্ডফোর্ড তুলতে পারে মাত্র ১৫৫ রান, ৭১ রানে জিতে মাঠ ছাড়ে লন্ডন।
বিশ্ব রেকর্ডের দিনে আফগান ধামাকা
আফগানিস্তানের হয়ে খেলা উসমান গনি এই ইনিংস দিয়ে ফের প্রমাণ করলেন—টি-২০ হোক বা টি-১০, ছোট ফরম্যাটে তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জবাব নেই। এক ওভারে ৪৫ রানের নজির এখন পেশাদার ক্রিকেটের নতুন মাইলস্টোন।
এমন রেকর্ডে চমকে গেছে গোটা ক্রিকেটবিশ্ব!







